
পঞ্জাব কিংসে গেলেন শ্রেয়স আইয়ার
শেষ আপডেট: 24 November 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: আশা ছিল, আইপিএল মেগা অকশনে শ্রেয়স আইয়ার ফের হয়ত ঘর ওয়াপসি করবেন। চেষ্টাও করেছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর। কিন্তু, শেষবেলায় পঞ্জাব কিংস বাজিমাত করে। শ্রেয়সকে তারা ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে টেনে নিল।
সেইসঙ্গে আইপিএল নিলামে কার্যত ইতিহাস সৃষ্টি করলেন শ্রেয়স আইয়ার। গত মরশুমে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, এবার সেই রেকর্ড চুরমার করে দিলেন শ্রেয়স। পঞ্জাব কিংস তাদের টাকার থলি কার্যত উপুড় করে দিল।
প্রসঙ্গত, ২০২৪ আইপিএল নিলামে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স ১০ বছর পর খেতাব জয় করেছিল। কিন্তু, রিটেনশন তালিকায় শ্রেয়সের নাম দেখতে না পেয়ে নাইট সমর্থকরা কিছুটা অবাকই হয়েছিলেন। তবে নিলাম অনুষ্ঠানে আরও একবার শ্রেয়সকে দলে নেওয়ার চেষ্টা করেছিল কেকেআর। কিন্তু শেষপর্যন্ত তারা লড়াইয়ে এঁটে উঠতে পারেনি।
ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে মোট ৫৭৭ জনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে এই নিলাম অনুষ্ঠানে। তালিকায় ৩৬৭ ভারতীয় ক্রিকেটার এবং ২১০ বিদেশি তারকা রয়েছেন। উল্লেখ্য, ১০ ফ্র্যাঞ্চাইজি ৪৬ ক্রিকেটারকে রিটেন করেছে।