ভারতের হয়ে সাড়ে তিনশোর বেশি উইকেট নেওয়া এই পেসারের কেরিয়ার কি সত্যিই গোধূলিলগ্নে পৌঁছে গেল? নাকি রঞ্জিতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে আবারও জাতীয় দলে জায়গা পাকা করবেন তিনি?

মহম্মদ সামি
শেষ আপডেট: 8 October 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: একসময় ভারতীয় ফাস্ট বোলিংয়ের (Fast Bowling) মুখ ছিলেন তিনি। কিন্তু এখন সেই নামটাই যেন তালিকার বাইরে—সম্পূর্ণভাবে। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে (ODI Series) জায়গা না পাওয়া মহম্মদ সামি (Mohammed Shami) কি তবে জাতীয় দলের জার্সি আর গায়ে তুলবেন না?
‘দ্য টেলিগ্রাফে’র রিপোর্টে বিস্ফোরক দাবি—বোর্ড (BCCI) আপাতত শামিকে ফেরানোর কোনও পরিকল্পনা রাখছে না। কারণ হিসেবে বলা হচ্ছে, তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স আর আগের মতো ধারালো নেই। পাশাপাশি বয়সও (৩৫) এখন নির্বাচকদের চোখেগুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্ট মতে, দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে শামির পারফরম্যান্স আশানুরূপ ছিল না। বোর্ডের এক কর্তা বলেন, ‘এই মুহূর্তে ওর পক্ষে টিমে ফেরা খুবই কঠিন। দলীপে এক-দুটি স্পেলে ভালো বল করেছে ঠিকই, কিন্তু ধারাবাহিকতা নেই। গতি ও তেজ দুটোই কিছুটা কমেছে। তাছাড়া বয়সও বাড়ছে। তবে আইপিএল (IPL) খেলতে হলে ওকে দেশীয় ক্রিকেটে নিয়মিত খেলতেই হবে!’
সামি শেষবার ভারতীয় দলে খেলেছিলেন গত মার্চে, চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy 2025)। তারপর চোটের কারণে দীর্ঘদিন বাইরে। মাঝেসাঝে কিছু ঘরোয়া ম্যাচে নামলেও সেভাবে প্রভাব ফেলতে পারেননি।
যদিও এত হতাশার মধ্যেও টিমটিমে আশার আলো—রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) প্রত্যাবর্তন। বাংলার (Bengal) প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) কথায়, ‘ছয়–সাত দিন আগে ওর সঙ্গে কথা হয়েছে। খেলতে চায় বলেই জানি। তাই আমরা ওর উপস্থিতি নিয়ে আশাবাদী!’ তবে শামি বাংলার দলে থাকবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। সিএবি (CAB)-র এক কর্তা বলেন, ‘আমরা কোচের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। সম্ভবত মঙ্গলবারই মিটিং হবে!’
সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই—ভারতের হয়ে সাড়ে তিনশোর বেশি উইকেট নেওয়া এই পেসারের কেরিয়ার কি সত্যিই গোধূলিলগ্নে পৌঁছে গেল? নাকি রঞ্জিতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে আবারও জাতীয় দলে জায়গা পাকা করবেন তিনি? বোর্ডের নীরবতা যদিও ইঙ্গিত দিচ্ছে, ‘সামি-যুগ’ হয়তো শেষের পথে।