প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। ভোটের উত্তাপ, সোল্ড আউট ম্যাচ আর কার্যত কোয়ার্টার-ফাইনাল—সব মিলিয়ে রবিবারের ইডেন ‘হাই অ্যালার্ট’ জোন।

ইডেন গার্ডেন্স
শেষ আপডেট: 28 February 2026 12:55
দ্য ওয়াল ব্যুরো: একদিকে টি২০ বিশ্বকাপে (T20 World Cup) রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সুপার এইট ম্যাচ। কার্যত নকআউট লড়াই। অন্যদিকে মাঠের বাইরে ভোটযুদ্ধের প্রস্তুতি। সামনে বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে শহরজুড়ে তৎপরতা তুঙ্গে। সূত্রের খবর, আগের গ্রুপ ম্যাচগুলির তুলনায় নিরাপত্তা দ্বিগুণ, এমনকি তিনগুণও হতে পারে।
পুলিশের এক শীর্ষকর্তার মন্তব্য, ‘ভারত খেলছে। স্টেডিয়াম সোল্ড আউট। সেই কারণে আগের ম্যাচগুলোর তুলনায় বাহিনী মোতায়েন অনেক বেশি হবে।’ শনিবার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। তাতে ‘অ্যাডজুডিকেশন মার্ক’ দেওয়া ৬০ লক্ষের বেশি নাম থাকবে, বাদ পড়া ভোটারদের নামও ‘ডিলিটেড’ চিহ্ন-সহ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সতর্ক প্রশাসন।
সিএবি (Cricket Association of Bengal) থেকে ভোটার তালিকা প্রকাশকে ঘিরে বিশেষ নিরাপত্তার আলাদা কোনও অনুরোধ আসেনি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশি মোতায়েনের চূড়ান্ত সংখ্যা শনিবার ঠিক হবে। এক কর্তার কথায়, ‘যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’
ইডেনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে অতীত যথেষ্ট অস্বস্তিকর। ১৯৯৯ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে (Asian Test Championship) সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) রান আউট হওয়ার পর দর্শকদের একাংশ বোতল ছোড়ে। শোয়েব আখতারের (Shoaib Akhtar) সঙ্গে সংঘর্ষের পর সেই রান আউট ঘিরে ক্ষোভ চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মাঠ খালি করতে হয়েছিল।
তারও আগে ১৯৯৬-এ ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup 1996) সেমিফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ম্যাচ মাঝপথে পরিত্যক্ত হয়। সহ-আয়োজক টিম ইন্ডিয়া হারের মুখে পড়তেই গ্যালারিতে ছড়িয়ে পড়ে অশান্তি।
এবার প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। ভোটের উত্তাপ, সোল্ড আউট ম্যাচ আর কার্যত কোয়ার্টার-ফাইনাল—সব মিলিয়ে রবিবারের ইডেন ‘হাই অ্যালার্ট’ জোন। মাঠের লড়াই যতটা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা, বাইরে নিরাপত্তা বলয় ততটাই কড়া হতে চলেছে।