প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামছেন ঋষভ। গোটা স্টেডিয়াম তখন কুর্নিশ জানাচ্ছে ভারতের সহ-অধিনায়ককে।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 24 July 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে মনের জোর। একেই বলে সাহসিকতা। ব্যথা-যন্ত্রণা সবই উপেক্ষা করা যায় মনের জোর থাকলে। বরাবরই ভয়ডরহীন মানসিকতার ঋষভ পন্থ (Rishabh Pant) চোট উপেক্ষা করে নেমে পড়লেন ব্যাট করতে।
প্রথম দিন ব্যাট করার সময় মারাত্মক চোট পেয়েছিলেন ঋষভ। তাঁর ডান পায়ের হাড় ভেঙে গিয়েছিল। চিকৎসকরা তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কোথায় কী? ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের রান যখন ৩১৪, ষষ্ঠ উইকেটের পতন হয় ভারতের। বেন স্টোকসের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ তুলে ৪১ রান তুলে আউট হন শার্দূল ঠাকুর। এরপরই ওল্ড ট্র্যাফোর্ড দেখল সেই অবাক করা দৃশ্য। প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামছেন ঋষভ। গোটা স্টেডিয়াম তখন কুর্নিশ জানাচ্ছে ভারতের সহ-অধিনায়ককে। অসম্ভবকে সম্ভব করে ফের ব্যাট করতে নামলেন পন্থ।
ভারতীয় ক্রিকেটপ্রমীদের জন্য কিছুক্ষণ আগেই অবশ্য সুখবর দিয়েছিল বিসিসিআই (BCCI)। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিল, দলের প্রয়োজনে ব্যাট হাতে নামবেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Rishabh Pant, who sustained an injury to his right foot on Day 1 of the Manchester Test, will not be performing wicket-keeping duties for the remainder of the match. Dhruv Jurel will assume the role of wicket-keeper.
Despite his injury, Rishabh Pant has joined the…— BCCI (@BCCI) July 24, 2025
ম্যাঞ্চেস্টারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের (England vs India Fourth Test) আজ দ্বিতীয় দিন। ম্যাচের প্রথম দিনেই ইংল্যান্ড পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ের আঙুলে চোট পান ভারতের সহৃ-অধিনায়ক ঋষভ পন্থ। স্ক্যান রিপোর্টে দেখা যায় মেটাটারসাল ফ্র্যাকচার হয়েছে টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটারের। চিকিৎসকরা জানিয়ে দেন কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে পন্থকে। যার অর্থ গোটা সিরিজ থেকেই ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের। এবার বিসিসিআই জানিয়ে দিল, ঋষভ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে না পারলেও প্রয়োজনে ব্যাট হাতে বাইশ গজে নামবেন।
এর আগেও দুর্ঘটনা থেকে ফিরে এসে ক্রিকেট-বিশ্বকে মাতিয়েছেন ঋষভ। তাঁর মনের জোর অসম্ভব। এবার তিনি সাহসের পরিচয় দিলেন। ম্যাঞ্চেস্টার টেস্টের টেস্টের প্রথম দিন ৬৪ ওভার চলাকালীন চোট পাওয়ার পর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না পন্থের। তবে দ্বিতীয় দিনের খেলা চলাকালীন তাঁকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বিসিসিআই তাঁর চোট সম্পর্কে জানিয়েছে, ঋষভ বাকি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন না। ধ্রুব জুরেল এই দায়িত্ব নেবেন। তবে প্রয়োজনে পন্থ ব্যাটিংয়ের জন্য মাঠে নামতে পারেন।
চোট পাওয়ার আগে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ঋষভ ৪৮ বলে ৭৭.০৮ স্ট্রাইক রেটে ৩৭ রান করেন। যার মধ্যে ছিল দু’টি চার এবং একটি ছক্কা।
চলতি সিরিজে ৪ টেস্টের ৭ ইনিংসে ৭৭.০০ গড়ে এবং ৭৮.৩০ স্ট্রাইক রেটে ৪৬২ রান করেছেন পন্থ। এই সময়ের মধ্যে, পন্থের ব্যাট থেকে এসেছে ২টি সেঞ্চুরি এবং ২টি অর্ধশতক।