রবিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে কেরল ক্রিকেট লিগের ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছে ঝোড়ো সেঞ্চুরি।

সঞ্জু স্যামসন
শেষ আপডেট: 25 August 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ভারত অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। গম্ভীরের ছাত্রদের প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ইতিমধ্যেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের টপ-অর্ডারে রয়েছেন একাধিক ফর্মে থাকা ব্যাটার। রয়েছেন শুভমান গিলও (Shubman Gill)। তবে দলের প্রথম একাদশে (Playing Eleven) ভারতের লাল বলের অধিনায়ক সুযোগ পাবেন কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে।
অনেক বিশেষজ্ঞই বলেছেন, ওপেনার হিসাবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) পরিবর্তে গিলের সুযোগ পাওয়া উচিত। কারণ অপর ওপেনার হিসাবে অভিষেক শর্মা ও ফার্স্ট ডাউনে তিলক বর্মা অটোমেটিক চয়েজ। এই দুই ব্যাটারই আইসিসির টি-টোয়েন্টি তালিকার প্রথম দুইয়ে রয়েছেন। এরপরে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। গিলও টপ অর্ডার ব্যাটার। একমাত্র সঞ্জুর জায়গায় তাঁর স্থান হতে পারে।
এদিকে কেরলে শুরু হয়েছে কেসিএল (KCL)। প্রথম দুই ম্যাচে রান পাননি সঞ্জু। এরপর শুভমানকে তাঁর পরিবর্তে খেলানোর দাবি আরও জোরাল হয়। তবে রবিবার ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গিলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সঞ্জু।
রবিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে কেরল ক্রিকেট লিগের ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছে ঝোড়ো সেঞ্চুরি। এই ডানহাতি ব্যাটার এই শতক হাঁকিয়ে এশিয়া কাপের প্লেয়িং ইলেভেনে নিজের দাবি আরও জোরাল করলেন। কোচি ব্লু টাইগার্সের হয়ে সঞ্জু ১৬ বলে তাঁর অর্ধশতক পূর্ণ করেন। কেসিএলে এর আগে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি ছিল আবদুল বাজিথের দখলে। তিনি ২২ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন। রবিবারের ম্যাচে সঞ্জুর শতক এসেছে মাত্র ৪২ বলে।
এই ম্যাচে সঞ্জু স্যামসন ওপেন করতে নেমছিলেন। কেসিএলের আগের দুই ম্যাচে মিডল-অর্ডারে এসে বিশেষ কিছু করতে পারেননি তিনি। রবিবারের ম্যাচে অ্যারিস কোল্লাম সেলার্স প্রথমে ব্যাট করে ২৩৬ রানের বিশাল স্কোর করে। ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সঞ্জুর দল প্রথম ৬ ওভারে ১ উইকেটে ১০০ রান করে।
সঞ্জু ৫১ বলে ১৪টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১২১ রানের ইনিংস খেলেন। ১৯তম ওভারের প্রথম বলেই তিনি আউট হলেও কোচি ব্লু টাইগার্স শেষ বলে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ৪ উইকেটে জয়লাভ করে।
এদিকে, এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমান গিল। তাই ভারতের টেস্ট অধিনায়ক যে প্রথম একাদশে থাকবেন, এটা ধরেই নেওয়া যায়। সঞ্জু গত সিরিজে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব পালন করছিলেন। গিল যদি এশিয়া কাপের প্লেয়িং ইলেভেনে সুযোগ পান, তাহলে তিনি ইনিংস ওপেন করবেন। এমন পরিস্থিতিতে স্যামসনকে মিডল অর্ডারে আসতে হতে পারে। তবে, সঞ্জু স্যামসন টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মাত্র ৭ ইনিংসে ৫ বা তার নীচে ব্যাট করেছেন। এই সময়ে তিনি মোট ৯৩ রান করতে সক্ষম হয়েছেন। তবে সঞ্জুর বাড়তি সুবিধা হল, তিনি প্রথম একাদশে থাকলে ভারতকে বাড়তি উইকেটরক্ষক নিতে হবে না।