সাঙ্গাকারা এর আগেও ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত হেড কোচ ছিলেন। তাঁর হাত ধরেই রাজস্থান ২০২২ সালের ফাইনালে ওঠে এবং ২০২৪–এ প্লে–অফে জায়গা করে নেয়।

কুমার সাঙ্গাকারা
শেষ আপডেট: 17 November 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নতুন মরসুমে ডাগআউটের কর্তৃত্ব ফিরল কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) হাতে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক আবারও দলের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন। একই সঙ্গে হচ্ছেন ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেটও (Director of Cricket)। অর্থাৎ, ২০২৬ মরসুমে রয়্যালসের ক্রিকেটীয় সিদ্ধান্ত ও প্রস্তুতি—সবটাই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারের তত্ত্বাবধানে চলবে।
গত মরসুমে হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু সমূহ ভরাডুবির পর তাঁর চুক্তি নবীকরণ করা হয়নি। ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান শেষ করেছিল নবম স্থানে। পুরো আইপিএলজুড়ে শোনা গিয়েছিল দলের অন্দরে ভেতরে টানাপড়েন, বিশেষ করে দ্রাবিড় ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) মন কষাকষির জল্পনা—যা পরে অস্বীকার করা হলেও, দলগত পারফরম্যান্সে তার প্রভাব স্পষ্ট ছিল।
সাঙ্গাকারা এর আগেও ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত হেড কোচ ছিলেন। তাঁর হাত ধরেই রাজস্থান ২০২২ সালের ফাইনালে ওঠে এবং ২০২৪–এ প্লে–অফে জায়গা করে নেয়। এবার ফের তাঁকেই দায়িত্ব দিয়ে ধারাবাহিক ভাল পারফরম্যান্স আনার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজি।
পুরনো দলে ফিরে সাঙ্গাকারা জানান, নতুন করে সাজানোর সময় এখনই। কোচিং গ্রুপে থাকা বিক্রম রাঠোর (Vikram Rathour), শেন বন্ড (Shane Bond), ট্রেভর পেনি (Trevor Penney) এবং সিড লাহিড়ি (Sid Lahiri)—সবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য। এই মুখবদল ছাড়া ফ্র্যাঞ্চাইজিতে পদোন্নতিও হয়েছে। বিক্রম রাঠোর এখন সহকারী কোচ (Assistant Coach)। ব্যাটিং পরিকল্পনা ও উন্নয়নের দায়িত্বে থাকবেন তিনি। শেন বন্ড থাকছেন ফাস্ট বোলিং কোচ হিসেবে। ট্রেভর পেনি ও লাহিড়ি আগের ভূমিকাতেই চলবেন।
ফ্র্যাঞ্চাইজির লিড ওনার মনোজ বদালে (Manoj Badale) জানিয়েছেন, দলের বর্তমান অবস্থায় সাঙ্গাকারার ভূমিকাই সবচেয়ে প্রয়োজন ছিল। স্কোয়াড, ডাগআউট সংস্কৃতি ও রাজস্থানের কাজের ধরন সম্পর্কে তাঁর স্বচ্ছ ধারণা ব্যবস্থায় স্থিতি আনবে।
অন্যদিকে, স্কোয়াডেও বেশ কিছু বড় পরিবর্তন নজরে আসছে। সঞ্জু স্যামসনকে পাঠানো হয়েছে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)। বদলে দলে এসেছেন স্যাম কারান (Sam Curran) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে মহানিলাম—সেখানে আরও ঘাটতি মেটানোই ফ্র্যাঞ্চাইজির মূল লক্ষ্য।