বিসিসিআইয়ের শীর্ষপদে তাঁর দায়িত্ব বিরাট। সামনে ঘিঞ্জি ক্রিকেট ক্যালেন্ডার, টি-২০ বিশ্বকাপ, তারপর একদিনের বিশ্বকাপের প্রস্তুতি। মাঠের বাইরে বোর্ডকে আরও আধুনিক, স্বচ্ছ আর প্রভাবশালী করে তুলতে পারবেন কি মিঠুন মানহাস?

মিঠুন মানহাস
শেষ আপডেট: 28 September 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। সরকারি ঘোষণা মিলল। রজার বিনির চেয়ার এবার মিঠুন মানহাসের (Mithun Manhas) হাতে। রবিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক সাধারণ সভাশেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন নতুন সভাপতি। একক প্রার্থী হিসেবেই উঠে আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুর্সি দখল করলেন প্রাক্তন দিল্লি ক্রিকেটার।
তালিকার ক্রমে মিঠুন তিন নম্বর প্রাক্তন ক্রিকেটার, যিনি বিসিসিআইয়ের শীর্ষপদে বসলেন। সৌরভ গাঙ্গুলি, রজার বিনি—এবার সেই লিস্টে যোগ হল মানহাসের নাম। বয়স ৪৫। জম্মু–কাশ্মীরের ক্রিকেট প্রশাসনে ‘ডিরেক্টর অব ক্রিকেটে'র পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, এদিন একইসঙ্গে উপ-সভাপতি বাছা হল রাজীব শুক্লাকে (Rajeev Shukla)। সচিব দেবজিত সাইকিয়া (Devajit Saikia)। যুগ্ম সচিবের দায়িত্ব নিলেন প্রভতেজ সিং ভাটিয়া। অর্থনৈতিক দেখভালের দায়িত্বে থাকবেন এ রঘুরাম ভাট।
কে এই মিঠুন মানহাস?
জাতীয় দলের জার্সি গায়ে চড়েনি কখনও। তবু ঘরোয়া ক্রিকেটের বিশ্বস্ত মুখ। ব্যাটসম্যান হিসেবেই মূল পরিচিতি, প্রয়োজন পড়লে অফস্পিনে হাত ঘোরানো, এমনকি উইকেটকিপিং—সবেতেই সমান পারদর্শী। অনেক মরশুমজুড়ে দিল্লির অধিনায়কত্ব করেছেন। সেই দলে ছিলেন একদা তরুণ বিরাট কোহলি। ২০০৭-০৮ মরশুমে রঞ্জি ট্রফি জেতেন। মিঠুন করেন ৯২১ রান, প্রায় ৫৮-র গড়ে। ১৮ বছরের ফার্স্ট ক্লাস কেরিয়ারে ১৫৭ ম্যাচে তাঁর ঝুলিতে রানের অঙ্ক ৯,৭১৪। শতরান ২৭টি, অর্ধশতরান ৪৯।
আইপিএল যাত্রাও কম বর্ণময় নয়। দিল্লি ডেয়ারডেভিলস দিয়ে শুরু। তারপর পুনে ওয়ারিয়র্সের জার্সিতে তিন মরশুম। ২০১৪-তে সুযোগ পান মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা আর আইপিএলের অভিজ্ঞতা মিলিয়েই আজ উঠে এলেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ আসনে।
বিসিসিআইয়ের শীর্ষপদে তাঁর দায়িত্ব বিরাট। সামনে ঘিঞ্জি ক্রিকেট ক্যালেন্ডার, টি-২০ বিশ্বকাপ, তারপর একদিনের বিশ্বকাপের প্রস্তুতি। মাঠের বাইরে বোর্ডকে আরও আধুনিক, স্বচ্ছ আর প্রভাবশালী করে তুলতে পারবেন কি মিঠুন মানহাস? সময়ই দেবে এর উত্তর।