২০১৮ সাল থেকে ইংল্যান্ড সফরে টেস্টে মাত্র দু’জন ভারতীয় ৪০-এর বেশি গড়ে রান (40+ Average) করেছেন। এই দুই ব্যাটার হলেন রোহিত এবং কোহলি।

কোহলি-রোহিত
শেষ আপডেট: 15 May 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিককালে ইংল্যান্ডের বাইশ গজে লাল বলের ক্রিকেটে সাফল্য পাওয়া ভারতীয় ব্যাটারদের মধ্যে অন্যতম নাম (Successful Batter) বিরাট কোহলি (Virat Kohli)। কয়েকদিন আগেই বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর (Retirement) নিয়েছেন। তাই এবার ভারতের এই প্রাক্তন অধিনায়ককে ছাড়াই টিম ইন্ডিয়া টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ডে। ফলে প্রশ্ন উঠেছে, ইংল্যান্ডে এবার কতটা সফল হবে ভারত।
আসলে ২০১৮ সাল (2018) থেকে ইংল্যান্ডে টেস্টে (Test Cricket) ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান (Most Run) করেছেন কোহলি। আর সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অপর অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, ইংল্যান্ড সফরের (England Tour) আগে রোহিত-বিরাটের অবসর কি টিম ইন্ডিয়ার (Team India) জন্য বড় ধাক্কা?
আগামী মাসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের ইংল্যান্ড সফরের কথা রয়েছে। ২০ জুন থেকে শুরু হওয়া এই সিরিজ দিয়ে ভারতীয় দলের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব শুরু হবে। এই সিরিজের আগে গত ১০ দিনের মধ্যে টিম ইন্ডিয়া দু’টি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। নিয়মিত টেস্ট অধিনায়ক রোহিত শর্মা ৭ মে টেস্ট থেকে অবসর নেন এবং অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ১২ মে টেস্ট থেকে অবসর নেন।
ইংল্যান্ড সফরে রোহিতকে নিয়ে প্রশ্ন থাকলেও কোহলির নির্বাচন নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার আগেই বিরাট বিসিসিআই এবং ভারতীয় ক্রীড়াপ্রেমীদের অবাক করে টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়ে দেন। রোহিত এবং কোহলি দু’জনেই ইংল্যান্ডের পিচে প্রচুর রান করেছেন। তাই বিশেষজ্ঞদের মতে আসন্ন সফরে তাঁদের অবসর ভারতের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে।
২০১৮ সাল থেকে ইংল্যান্ড সফরে টেস্টে মাত্র দু’জন ভারতীয় ৪০-এর বেশি গড়ে রান (40+ Average) করেছেন। এই দুই ব্যাটার হলেন রোহিত এবং কোহলি।
২০১৮ সাল থেকে, ইংল্যান্ডে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। এই সময়ের মধ্যে, তিনি ২৩ ইনিংসে ৪১.৮২ গড়ে ৯৬২ রান করেছেন। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক। একই সময়কালে, হিটম্যান ইংল্যান্ডে ১২টি ইনিংস খেলে ৪৪.৫৪ গড়ে ৪৯০ রান করেন। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং দু’টি অর্ধশতক রয়েছে। ২০১৮ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতীয়দের হয়ে রোহিত ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। হিটম্যানের চেয়ে বেশি রান এবং বিরাটের চেয়ে কম রান করা পাঁচ ব্যাটারের মধ্যে রয়েছেন চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ।
২০১৮ সাল থেকে ইংল্যান্ডে ২২ ইনিংসে ৩২.৪০ গড়ে ৬৪৮ রান করেছেন পূজারা। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতক রয়েছে। তবে এবার পূজারার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই সময়কালে, রাহুল ১৮ ইনিংসে ৩৪.১১ গড়ে ৬১৪ রান করেন। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি এবং একটি অর্ধশতক। গত কয়েকমাস ধরে অজিঙ্কা রাহানেও আর টেস্ট দলের সদস্য নন। রাহানে ২০১৮ সাল থেকে ২১ ইনিংসে ২৬.৯০ গড়ে ৫৬৫ রান করেছেন। এর মধ্যে চারটি অর্ধশতক রয়েছে।
একই সময়ে, ঋষভ পন্থ ১৭ ইনিংসে ৩২.৭০ গড়ে ৫৫৬ রান করেছিলেন। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি এবং দু’টি অর্ধশতক। হিটম্যানের পর রবীন্দ্র জাদেজা সপ্তম স্থানে রয়েছেন। এই সময়ে, জাদেজা ইংল্যান্ডের মাটিতে ১৫ ইনিংসে ৩৩.২১ গড়ে ৪৬৫ রান করেন। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং দু’টি অর্ধশতক রয়েছে।
তাই ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে রোহিত এবং কোহলির অবসর টিম ইন্ডিয়ার জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।