সব মিলিয়ে ছবিটা দ্বিমুখী। একদিকে রোহিতের ইতিহাস, অন্যদিকে নারিনের নিয়ন্ত্রণ। শ্রীকান্তের ‘হালুয়া’-তত্ত্ব মাঠে কতটা সত্যি হয়, সেটাই এখন দেখার।
.jpeg.webp)
রোহিত শর্মা
শেষ আপডেট: 29 March 2026 17:02
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরু হওয়ার আগে গনগনে উত্তাপ। আজ ওয়াংখেড়ে ময়দানে একদিকে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians), অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু মহারণ শুরুর আগেই আগুনে ঘি ঢাললেন প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। জোর গলায় দাবি করলেন—রোহিত শর্মার (Rohit Sharma) কাছে কেকেআর নাকি ‘হালুয়া’! অর্থাৎ, সহজ শিকার। এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বাড়তি চর্চা, খানিক বিতর্কও।
‘হালুয়া’-তত্ত্বে কী জানালেন শ্রীকান্ত?
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্তর সোজাসাপ্টা মত—কেকেআর বরাবরই রোহিতের পছন্দের প্রতিপক্ষ। তাঁর কথায়, ‘কয়েক বছর আগে কলকাতা রোহিতের কাছে হালুয়ার মতো ছিল। এবারও ওদের বোলিং ও একইভাবে সামলাবে!’ এই মন্তব্য নিছক মজা, রসিকতা হলেও পরিসংখ্যান কিন্তু শ্রীকান্তের পক্ষে রায় দিচ্ছে। আইপিএলে (IPL 2026) কেকেআরের বিরুদ্ধে রোহিতের রান হাজার পেরিয়েছে—এই তালিকায় খুব কম ব্যাটারই রয়েছেন। ফলে প্রাক্তন তারকার আত্মবিশ্বাসী বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন নয়।
রেকর্ডের হিসেব
রোহিত শর্মার কেকেআরের বিপক্ষে মোট রান ১,০৮৩। স্ট্রাইক রেট প্রায় ১২৮। রয়েছে ছ’টি অর্ধশতরান, একটি শতরানও। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৯। সাদা বাংলায় অর্থ, এই ম্যাচআপে রোহিত বরাবর এগিয়ে।
এবার ছবির অন্য দিক বলছে, সাম্প্রতিক সিজনে কেকেআরের বিরুদ্ধে অভিজ্ঞ ওপেনারের ব্যাট ততটা চলেনি। শেষ অর্ধশতরান ২০২০ সালে। ওয়াংখেড়েতেও (Wankhede Stadium) পরিসংখ্যান মাঝামাঝি—স্ট্রাইক রেট ১২০-এর আশেপাশে। অর্থাৎ, পুরনো দাপট থাকলেও ইদানীং সময়ের ফর্ম প্রশ্ন তুলছে।
বদলে যাওয়া রোহিত—নতুন অ্যাপ্রোচ
গত দুই সিজনে রোহিতের ব্যাটিং স্টাইল বদলেছে। আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক। ২০২৪-এ স্ট্রাইক রেট ১৫০, ২০২৫-এ প্রায় ১৪৯। মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) নিজেও এই পরিবর্তনের কথা বলেছেন। তাঁর মতে, রোহিত এখন নিজের খেলার উপর বেশি কাজ করছেন—হাতের গতি, শট সিলেকশন—সবকিছুতেই উন্নতি স্পষ্ট। নতুন সংস্করণের রোহিত শুরুতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন—এতে আস্থা রাখছে মুম্বই শিবির।
নারিন বনাম রোহিত—আসল লড়াই
তবে খেলা একতরফা হবে, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ একটাই—সুনীল নারিন (Sunil Narine)। রোহিতকে আইপিএলে ১০ বার আউট করেছেন ক্যারাবিয়ান স্পিনার। ২৮ ইনিংসে স্ট্রাইক রেট নামিয়ে এনেছেন ১০৬-এর কাছাকাছি। অর্থাৎ, এই দ্বৈরথে নারিনের দাপট স্পষ্ট। আজও যদি নতুন বলে আক্রমণে আসেন, তাহলে ম্যাচের প্রথম কয়েক ওভারই হয়ে উঠতে পারে টার্নিং পয়েন্ট।
সব মিলিয়ে ছবিটা দ্বিমুখী। একদিকে রোহিতের ইতিহাস, অন্যদিকে নারিনের নিয়ন্ত্রণ। শ্রীকান্তের ‘হালুয়া’-তত্ত্ব মাঠে কতটা সত্যি হয়, সেটাই এখন দেখার।