বিতর্ক এখানেই—আইপিএল কি শুধুই একটা বিকল্প লিগ, নাকি চুক্তিবদ্ধ হওয়ার পর দায়বদ্ধতার জায়গা? কেউ সেই দায় এড়িয়ে গেলে শাস্তি কতটা কঠোর হওয়া উচিত?

সুনীল গাভাসকর
শেষ আপডেট: 29 March 2026 12:34
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2026) শুরুতে ফের চাগাড় দিয়ে উঠল পুরনো বিতর্ক। নিলামে কেনা, পরিকল্পনায় রাখা—তারপর টুর্নামেন্ট শুরুর ঠিক আগে খেলোয়াড়ের সরে দাঁড়ানো। ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett) এই তালিকার নতুন সংযোজন। মহানিলামে ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ওপেনিং জুটিতে কেএল রাহুলের (KL Rahul) সঙ্গী হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু আচমকা সরে দাঁড়ানোয় পরিকল্পনা গেল ভেস্তে! আর এখানেই উসকে উঠল প্রশ্ন—বিদেশি ক্রিকেটাররা আইপিএলকে কি আদৌ সেভাবে গুরুত্ব দিচ্ছেন?
গোটা ইস্যু নিয়ে এই মুহূর্তে সবচেয়ে সরব সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ভারতের প্রাক্তন অধিনায়কের কড়া বক্তব্য—কথা দিয়েও কথার খেলাপ যারা করছে, তাদের শাস্তি চাই।
সাজা হিসেবে দু’বছরের নিষেধাজ্ঞা (two-year ban) আছে বটে। কিন্তু তাতে কোনও কাজ হচ্ছে না। বোর্ডের (BCCI) এই নিয়ম বহুদিন ধরেই চালু। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে দুই মরসুম আইপিএল থেকে দূরে থাকতে হয়। কিন্তু বাস্তবে তার প্রভাব কতটা? গাভাস্কারের মতে, প্রায় শূন্য। কারণ, যারা সরে দাঁড়াচ্ছেন, তাঁদের কাছে জাতীয় দলের ক্রিকেটই অগ্রাধিকার। ফলে আইপিএল না খেললেও তাঁদের কেরিয়ারে বড় কোনও ধাক্কা লাগছে না। তাই শাস্তি থাকলেও ভয় নেই।
গাভাসকর স্পষ্ট বলেছেন, ‘সাজা এমন হতে হবে যাতে খেলোয়াড় সত্যিই প্রভাব অনুভব করে। যতক্ষণ না তার ছাপ পড়ছে, ততক্ষণ এই নিয়মে কাজ হবে না!’ অর্থাৎ, শুধু নিষেধাজ্ঞা নয়, এমন কিছু ভাবতে হবে, যা আর্থিক বা পেশাগতভাবে খেলোয়াড়কে চাপে ফেলবে। নইলে একই ঘটনা বারবার ঘটবে, আর ফ্র্যাঞ্চাইজিগুলো আখেরে ক্ষতিগ্রস্ত হবে।
‘সমালোচিত’ ডাকেট অবশ্য নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, ইংল্যান্ডের হয়ে খেলার প্রস্তুতিই এখন সবার আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে (Ashes 2026) খারাপ পারফরম্যান্সের পর নতুন করে ফোকাস করতে চান। এমনকি আইপিএলের মোটা টাকা ছেড়ে দেওয়াকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন। কিন্তু এই যুক্তি অনেকের কাছে অগ্রহণযোগ্য। কারণ প্রশ্নটা শুধু ব্যক্তিগত পছন্দের নয়, পেশাদার প্রতিশ্রুতিরও বটে।
ফলে বিতর্ক এখানেই—আইপিএল কি শুধুই একটা বিকল্প লিগ, নাকি চুক্তিবদ্ধ হওয়ার পর দায়বদ্ধতার জায়গা? কেউ সেই দায় এড়িয়ে গেলে শাস্তি কতটা কঠোর হওয়া উচিত? এর আগে অশ্বিন বলেছেন। গাভাসকরের মন্তব্যে বিতর্ক নতুন করে সামনে এল। এখন দেখার, ভারতীয় ক্রিকেট বোর্ড সত্যিই নিয়ম বদলের পথে হাঁটে কি না।