রেকর্ড লেখার দিনে রোহিতের ব্যাটিংয়ে ছিল ধৈর্য ও মনোযোগের ছাপ। শুরুতে নিজের স্বাভাবিক আগ্রাসী খেলা দমিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ইনিংস গড়েন।
.jpeg.webp)
রোহিত শর্মা
শেষ আপডেট: 23 October 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেডে (Adelaide Oval) আজ, বৃহস্পতিবার ইতিহাস লিখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গড়লেন এমন কীর্তি, যা বানাতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli) কিংবা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে–তে হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এই প্রথম কোনও ভারতীয় ব্যাটার (Indian Batter) অস্ট্রেলিয়ায় এমন সাফল্য পেলেন।
দ্বিতীয় ওয়ান ডে–র শুরুতে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ভেঙে পড়লেও এক প্রান্ত আগলে রাখেন রোহিত। শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলি ফিরে গেলে ধৈর্য ধরে ইনিংস গড়েন। তার মধ্যেই ছুঁয়ে ফেলেন এই বিশেষ মাইলফলক—অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রান পূর্ণ করা একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে। রোহিতের আগে এই তালিকায় ছিলেন একাধিক কিংবদন্তি—সচিন, কোহলি, ধোনি (MS Dhoni), শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কিন্তু কেউই হাজার রানের কোঠা ছুঁতে পারেননি।
ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বাধিক রান (ওয়ান ডে):
রোহিত শর্মা — ২১ ইনিংস, ১০২৩ রান, গড় ৫৬.৮৩
সচিন তেন্ডুলকর — ২৫ ইনিংস, ৮৪০ রান, গড় ৩০.৮৩
বিরাট কোহলি — ২০ ইনিংস, ৮০২ রান, গড় ৪২.২১
এম এস ধোনি — ২০ ইনিংস, ৬৮৪ রান, গড় ৪৫.৬
শিখর ধাওয়ান — ১৪ ইনিংস, ৫১৭ রান, গড় ৩৯.৭৭
এই কৃতিত্বে রোহিত শুধু ভারতীয়দের মধ্যেই নয়, বরং গোটা বিশ্বের এলিট তালিকায় জায়গা করে নিলেন। ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে হাজার বা তার বেশি ওয়ান ডে রান করেছেন মাত্র পাঁচজন বিদেশি ব্যাটার। সেই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) স্যার ভিভ রিচার্ডস (Viv Richards), ডেসমন্ড হেইন্স (Desmond Haynes), শ্রীলঙ্কার (Sri Lanka) কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) ও মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। তাঁদের সঙ্গেই এবার নাম লিখলেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ায় সর্বাধিক ওয়ান ডে রান (সব দেশ মিলিয়ে):
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) — ৩৮ ইনিংস, ১৯০৫ রান, গড় ৫৬.০২
ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) — ৫১ ইনিংস, ১৫৬৫ রান, গড় ৩৪.০২
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) — ২৯ ইনিংস, ১১৭১ রান, গড় ৪৩.৩৭
রোহিত শর্মা (ভারত) — ২১ ইনিংস, ১০২৩ রান, গড় ৫৬.৮৩
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) — ৩৫ ইনিংস, ১০১৩ রান, গড় ৩১.৬৫
রেকর্ড লেখার দিনে রোহিতের ব্যাটিংয়ে ছিল ধৈর্য ও মনোযোগের ছাপ। শুরুতে নিজের স্বাভাবিক আগ্রাসী খেলা দমিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ইনিংস গড়েন। নতুন বলে মুভমেন্ট সামলে ক্রমে ছন্দ খুঁজে নেন। পার্থে (Perth) প্রথম ম্যাচে মাত্র আট রানে আউট হলেও অ্যাডিলেডে তাঁর ব্যাটে দেখা গেল অভিজ্ঞতার ছাপ।