আগামী দুই বছর ধরে ভারতে কোনও ওয়ানডে ম্যাচ না থাকায় এটি সম্ভবত রোহিত এবং কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে।

বিরাট কোহলি ও রোহিত শর্মা
শেষ আপডেট: 25 October 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চলতি অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওডিআই ম্যাচে এসে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। জয়ের দুই কাণ্ডারি সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma, Virat Kohli)। এই দুই মহারথীর জুটিতে উঠল অপরাজিত ১৬৮ রান। আর যার ফলে ১১.৩ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।
এদিন ম্যাচ শেষে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ান সমর্থকদের ধন্যবাদ (Thanks to Australian Supporters) জানিয়েছেন। আগামী দুই বছর ধরে ভারতে কোনও ওয়ানডে ম্যাচ না থাকায় এটি সম্ভবত রোহিত এবং কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে। উভয় খেলোয়াড়ই তাঁদের কেরিয়ারের শেষ প্রান্তে। তাই হয়তো ম্যাচের পর রো-কো অস্ট্রেলিয়ান সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬.৪ ওভারে ২৩৬ রান করে। জবাবে রোহিত শর্মা সেঞ্চুরি করেন এবং কোহলি অর্ধশতক হাঁকান। এই দুই ব্যাটারের মধ্যে দ্বিতীয় উইকেটের জুটিতে ওঠে ১৬৮ রান। যার ভিত্তিতে ভারত ৩৮.৩ ওভারে এক উইকেটে ২৩৭ রান করে ম্যাচ জিতে নেয়। যদিও, অস্ট্রেলিয়া এই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে।
ম্যাচের পর রোহিত এবং কোহলিকে অ্যাডাম গিলক্রিস্ট এবং রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে রোহিত বলেন, "অস্ট্রেলিয়ায় এসে এখানে খেলতে পারা সবসময়ই আনন্দের। ২০০৮ সালের স্মৃতি এখনও আমার কাছে তাজা। আমি জানি না আমরা অস্ট্রেলিয়ায় ফিরে আসব কি না। আমরা যত সাফল্যই অর্জন করি না কেন, আমরা আমাদের ক্রিকেট এখনও উপভোগ করি। পার্থে আমাদের নতুন শুরু হয়েছিল।"
কোহলি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই পর্যায়েও খেলাধুলা আপনাকে কিছু শেখায়। যখন পরিস্থিতি আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে না তখন এটা খুবই চ্যালেঞ্জিং। মিডল কন্ডিশন আমাকে আরও ভাল করে তোলে। রোহিতের সঙ্গে ব্যাট করা সহজ ছিল, এবং আমি খুশি যে এটি একটি ম্যাচ-ফিনিশিং পার্টনারশিপ আমরা গড়তে পেরেছি। আমরা শুরু থেকেই খেলাটি ভালভাবে বুঝতে পেরেছিলাম। এভাবেই সাফল্য আসে। আমরা যদি ২০ ওভার একসঙ্গে ব্যাট করি, তাহলে জয় নিশ্চিত, এটা বুঝতে পারছিলাম। আমরা অস্ট্রেলিয়াকে ভালবাসি। আমরা আমাদের সেরাটা দিয়েছি। তোমরা (সমর্থকরা) অসাধারণ ছিলে।"