
রিঙ্কু সিং এবং বাজমা আইয়ুবি
শেষ আপডেট: 12 October 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার ধামাকাদার ব্যাটার বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলছেন। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল সহজ জয় পকেটে পুরেছে। এই ম্যাচে রিঙ্কু সিং একটি দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন।
খুব অল্প সময়ের মধ্যেই রিঙ্কু ক্রিকেট সমর্থকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন। একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ রিঙ্কু ২২ গজে বোলারদের শাসন করছেন।
আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন রিঙ্কু। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে একটি ম্য়াচ খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্য়াচ উপভোগ করতে আবার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আফগানিস্তানের স্বনামধন্য বিজনেস উওম্যান বাজমা আইয়ুবি। বাজমার সৌন্দর্য্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। হামেশাই টিম ইন্ডিয়াকে তিনি সাপোর্ট করেন। সোশ্যাল মিডিয়াতেও বাজমা যথেষ্ট অ্যাকটিভ থাকতে ভালবাসেন।
ভারতীয় ক্রিকেট সমর্থকরাও তাঁর পোস্টে কমেন্ট করতে থাকেন। কেকেআর বনাম এলএসজি ম্য়াচ চলাকালীন রিঙ্কুর ব্যাটিং দেখে কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ফিনিশারের প্রেমে পড়ে যান বাজমা। রিঙ্কু এই ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করেন। কিন্তু, কেকেআর শেষপর্যন্ত ১ রানে হেরে গিয়েছিল। এরপর বাজমা আইয়ুবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে একটি পোস্ট করেছিলেন। তিনি ওই পোস্টে লিখেছিলেন, 'লখনউ হয়ত ম্য়াচ জিতেছে, কিন্তু রিঙ্কু আমার হৃদয় জিতেছে।'
টিম ইন্ডিয়ার হয়ে রিঙ্কু সিং ওয়ানডে এবং টি-২০ ফরম্য়াটে অভিষেক করে ফেলেছেন। তবে টেস্ট ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ডেবিউ করতে পারেননি। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে রিঙ্কু জোড়া ওয়ানডে এবং ২৫ টি-২০ ম্য়াচ খেলেছেন। দুটো ওয়ানডে ম্য়াচে তিনি মোট ৫৫ রান করেছেন। পাশাপাশি ২৫ টি-২০ ম্য়াচে তিনি মোট ৪৭১ রান করেছেন। টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাট থেকে মোট তিনটে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।