রিধিমা পাঠক ভারতের পরিচিত ক্রীড়া উপস্থাপকদের অন্যতম। ক্রিকেট, ফুটবল ও একাধিক আন্তর্জাতিক ইভেন্টে তাঁর উপস্থিতি নিয়মিত।

রিধিমা পাঠক
শেষ আপডেট: 7 January 2026 12:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ছাড়লেন ভারতীয় ক্রীড়া উপস্থাপক রিধিমা পাঠক (Ridhima Pathak)। তবে তাঁকে ছাঁটাই করা হয়নি—নিজেই সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে তাঁকে ‘ড্রপ’ করার দাবি উঠলে সরাসরি অবস্থান স্পষ্ট করলেন রিধিমা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে দেশ সবার আগে। ক্রিকেটের প্রতি আমার সম্মান কোনও একটা অ্যাসাইনমেন্টের চেয়ে অনেক বড়।’
এই বক্তব্যের পরই পরিষ্কার হয়ে যায়—বিতর্কের কেন্দ্রে থাকা এই ‘প্রস্থান’ কোনও চুক্তিভিত্তিক ছাঁটাই নয়, বরং সচেতন সিদ্ধান্ত।
বিপিএল ছাড়ার প্রেক্ষাপট: কী ঘটেছিল?
ঘটনার সূত্রপাত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির (Bangladesh Cricket Board) মধ্যে সাম্প্রতিক টানাপড়েন থেকে। বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছাড়ার নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেন বিসিসিআইয়ের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।
এই সিদ্ধান্তের পরই বিসিবি একাধিক কড়া পদক্ষেপ নেয়। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার ঘোষণা সামনে আসে। পাশাপাশি আইসিসি-র (ICC) কাছে অনুরোধ জানানো হয়—২০২৬ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) বাংলাদেশ বনাম ভারত ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়া হোক। ক্রিকেটের নিয়ামক সংস্থা যদিও সেই অনুরোধ নাকচ করে। জবাবে জানায়—ভারতেই খেলতে হবে, নচেৎ পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে! এই আবহেই বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, রিধিমা পাঠককে বিপিএলের হোস্টিং প্যানেল থেকে সরানো হয়েছে।
রিধিমা পাঠকের স্পষ্ট বার্তা
সমস্ত দাবির পাল্টা জবাব দেন রিধিমা নিজেই। কোনও আবেগ নয়, সরাসরি ভাষায় বলেন—‘সত্য জরুরি!’ তাঁর কথায়, ‘আমাকে বাদ দেওয়া হয়নি। নিজেই সরে দাঁড়িয়েছি। পেশাগত জীবনে সততা, স্বচ্ছতা আর ক্রিকেটের প্রতি সম্মানই সবথেকে গুরুত্বপূর্ণ।’আরও জানান, দীর্ঘদিন ধরে স্টার স্পোর্টস (Star Sports) ও সনি স্পোর্টসের (Sony Sports) মতো নেটওয়ার্কে কাজ করে নিজের পরিচয় গড়েছেন। সেই জায়গা থেকে কোনও রাজনৈতিক বা কূটনৈতিক চাপের অংশ হতে তিনি রাজি নন।
কে এই রিধিমা পাঠক?
রিধিমা পাঠক ভারতের পরিচিত ক্রীড়া উপস্থাপকদের অন্যতম। ক্রিকেট, ফুটবল ও একাধিক আন্তর্জাতিক ইভেন্টে তাঁর উপস্থিতি নিয়মিত। স্পষ্ট উচ্চারণ, নিরপেক্ষ উপস্থাপনা এবং তথ্যনির্ভর বিশ্লেষণের জন্য জনপ্রিয়। বিপিএল ছাড়ার সিদ্ধান্তে তাঁর কেরিয়ারে যদিও কোনও ছেদ পড়ছে না—বরং তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ব্যক্তিগত পেশাদারিত্বের সঙ্গে জাতীয় অবস্থানকে তিনি আলাদা করে দেখতে রাজি নন।