ব্লুমবার্গ জানিয়েছে, মালিকরা সম্পূর্ণ বিক্রয়ের জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬,৮৩৪ কোটি টাকা) পর্যন্ত দাম দাবি করতে পারেন।

আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন আরসিবি
শেষ আপডেট: 10 June 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: বছরের পর বছর ধরে অপেক্ষার প্রহর গুণছিল বেঙ্গালুরু। একের পর এক তারকা ক্রিকেটারকে দলে নিয়েও আসেনি সাফল্য। অবশেষে আইপিএলের ১৮তম সংস্করণে (IPL 2025) এসে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Champion RCB)। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মোটেও সময়টা ভাল যাচ্ছে না তাদের। হতে হচ্ছে একের পর এক বিপদের সম্মুখীন।
চ্যাম্পিয়ন হওয়ার পরই ঘটে গেল সেই পদপিষ্ট (Stampede) হওয়ার ঘটনা। যার জেরে মারা গেলেন ১১ জন সমর্থক। এবার জানা গেল ফ্র্যাঞ্চাইজিটি নাকি নতুন মালিকের খোঁজ করছে।
বেঙ্গালুরু ২০২৫ সালের আইপিএলের খেতাব জিতেছে মাত্র এক সপ্তাহ (৩ জুন) আগে। এর মধ্যেই জানা গেল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি নতুন মালিকদের খোঁজ করতে পারে। সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির বর্তমান মালিক ডিয়াজিও পিএলসি (Franchise's current owners, Diageo Plc) ফ্র্যাঞ্চাইজিটি আংশিক বা সম্পূর্ণভাবে বিক্রি (Sell the franchise, either partially or fully) করার জন্য বাজারে নেমেছে।
আসলে প্রথম আইপিএল খেতাব জয়ের পর আরসিবির ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরসিবি ভারতে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (United Spirits Limited) দ্বারা পরিচালিত হয় ডিয়াজিও পিএলসির মাধ্যমে, যারা ইতিমধ্যেই সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে। যদিও ফ্র্যাঞ্চাইজির মূল্যায়ন সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি। ব্লুমবার্গ জানিয়েছে, মালিকরা সম্পূর্ণ বিক্রয়ের জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬,৮৩৪ কোটি টাকা) পর্যন্ত দাম দাবি করতে পারেন।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, ব্রিটিশ ডিস্টিলার এবং ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মূল কোম্পানি ডিয়াজিও পিএলসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আংশিক বা সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করার বিকল্পগুলি মূল্যায়ন করছে। সম্প্রতি আইপিএল খেতাব জয়ের পর আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে অর্থ উপার্জনের উপায় খুঁজছে এই জায়ান্ট লিকার কোম্পানি। পাশাপাশি আরসিবি বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক অনুসরণ করা ক্রীড়া দলগুলির মধ্যে একটি। সেই সঙ্গে আরও জানা গিয়েছে, চুক্তিটি পরিচালনা করার জন্য ডিয়াজিও সম্ভাব্য উপদেষ্টাদের সঙ্গেও কথা বলছে।
এদিকে, আরসিবির সম্ভাব্য বিক্রয়ের খবর ছড়িয়ে পড়তেই ইউনাইটেড স্পিরিটসের শেয়ারের (United Spirits Share) প্রতি ঝুঁকতে শুরু করে দিয়েছে বাজার। মঙ্গলবার সকালে শেয়ারের দাম ৩.৩% পর্যন্ত বেড়েছে। তবে, ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হবে কি না তা এখনও চূড়ান্ত নয়।
ডিয়াজিও কীভাবে আরসিবি কিনেছিল
২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজিটির যাত্রা শুরু হয় লিকার ব্যারন বিজয় মাল্যর হাত ধরে। মাল্য পাশাপাশি কিংফিশার এয়ারলাইন্সেরও মালিক ছিলেন। কিন্তু তিনি নিজেকে ঋণের ফাঁদে জড়িয়ে ফেলেছিলেন। যার প্রভাবে ভেঙে পড়ে তাঁর বিশাল সাম্রাজ্য। সেই সুযোগে ডিয়াজিও ভারতে তার সহযোগী সংস্থা ইউনাইটেড স্পিরিটসের মাধ্যমে আরসিবি কিনে নেওয়ার সুযোগ পায়।