বুধবার দুপুরে প্রকাশিত র্যাঙ্কিং আপডেটে দেখা যায়, ভারতের দুই তারকা ব্যাটসম্যান পুরোপুরি উধাও। অথচ দু’জনই এই মুহূর্তে ময়দানে সক্রিয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তো ভারতের জয়ের নায়ক ছিলেন রোহিত শর্মা।

বিরাট ও রোহিত
শেষ আপডেট: 20 August 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: আইসিসির ওয়েবসাইটে হঠাৎ আজব কাণ্ড! বুধবার প্রকাশিত সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ব্যাটসম্যানদের তালিকায় উধাও রোহিত শর্মা (Rohit Sharma), নেই বিরাট কোহলিও (Virat Kohli)। মাত্র এক সপ্তাহ আগেও যেখানে রোহিত ছিলেন দু’নম্বরে আর কোহলি চারে, সেখানে বাছাই একশোর মধ্যেও তাঁদের নাম না থাকা জল্পনা বাড়ায়! ক্রিকেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়।
চর্চার পারদ এতটাই তুঙ্গে, যে এই মুহূর্তে এক্সে হ্যাশট্যাগ সমেত ট্রেন্ডিং রোহিত শর্মা (#RohitSharma) ও বিরাট কোহলি (#ViratKohli)। প্রশ্ন উঠেছে—এ কি প্রযুক্তিগত ত্রুটি? না ইচ্ছাকৃত ভুল? সমর্থকদের বিভ্রান্তি বাড়িয়ে আইসিসির সাইটে তখনও জ্বলজ্বল করছে ১০ অগস্টের পুরোনো তালিকা।
বিতর্ক যখন উত্তরোত্তর বেড়ে চলেছে, তখন শেষমেশ চাপের মুখে মুখ খোলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। হিন্দুস্তান টাইমস-কে দেওয়া বিবৃতিতে সংস্থার এক মুখপাত্র স্বীকার করেন, ‘আজ আমাদের র্যাঙ্কিং টেবিলে একটি ভুল হয়। সেটি এখন সংশোধন করা হয়েছে!’ যদিও সর্বশেষ তালিকা এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি।
বুধবার দুপুরে প্রকাশিত র্যাঙ্কিং আপডেটে দেখা যায়, ভারতের দুই তারকা ব্যাটসম্যান পুরোপুরি উধাও। অথচ দু’জনই এই মুহূর্তে ময়দানে সক্রিয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তো ভারতের জয়ের নায়ক ছিলেন রোহিত শর্মা। ফাইনালে তাঁর ম্যাচ জেতানো ইনিংসেই দশ বছর বাদে টিম ইন্ডিয়া ট্রফি জিতে নেয়। সেই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলিও। বিশেষ করে দুবাইয়ের ঘূর্ণি উইকেটে যেভাবে ইনিংস সামলান, তা নিয়ে এখনও চর্চা জারি রয়েছে।
আর এই কারণেই হঠাৎ তাঁদের নাম উধাও হয়ে যাওয়ায় ধন্দ বেড়ে যায়। গত সপ্তাহের তালিকায় যেখানে শুভমন গিল ছিলেন এক নম্বরে, রোহিত দুই আর কোহলি চারে, সেখানেই বুধবার দেখা গেল গিল ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে পয়লা নম্বরেই আসীন, কিন্তু রোহিত-কোহলির নামটুকু নেই। উলটে বাবর আজম উঠে এসেছেন দুইয়ে।
আইসিসির তরফ থেকে ত্রুটির কথা স্বীকার করে নেওয়া হলেও প্রশ্ন রয়ে গিয়েছে—আইসিসি কেন দ্রুত ওয়েবসাইটে সঠিক তালিকা প্রকাশ করছে না? এই নিয়ে বেড়ে চলেছে সমর্থকদের ক্ষোভ। সামাজিক মাধ্যমে জারি জল্পনা-কল্পনা। রোহিত-কোহলির সাম্প্রতিক সাফল্য, আইসিসির ব্যাখ্যা আর ওয়েবসাইটের দেরি—সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টি জটিল রহস্যের গিঁটে আটকে।