সেমিফাইনালের তৃতীয় দিনের লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে জম্মু। বাংলার সামনে লড়াই কঠিন। ফাইনালের দরজা এখনও বন্ধ না হলেও ক্রমশ আশার আলোটুকু নিভে যাচ্ছে।

মহম্মদ সামি
শেষ আপডেট: 17 February 2026 13:33
দ্য ওয়াল ব্যুরো: একদিকে আগুনঝরা স্পেল। অন্যদিকে ব্যাটিং ধস। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে (Bengal Cricket Academy Ground) রঞ্জি ট্রফি সেমিফাইনালে (Ranji Trophy 2025-26) তৃতীয় দিনে নাটকীয় মোড়। মহম্মদ সামির (Mohammad Shami) ৮ উইকেটেও ঘোর বিপাকে বাংলা (Bengal Cricket Team)। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের ধস। যা ফাইনাল ওঠার স্বপ্নে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।
প্রথম ইনিংসে বাংলা তোলে ৩২৮। নেপথ্যে সুদীপ ঘরামির (Sudip Kumar Gharami) দুরন্ত ১৪৬ রানের ইনিংস। জবাবে জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir Cricket Team) লড়াই করলেও সামির গতির সামনে দাঁড়াতে ব্যর্থ। ৯০ রানে ৮ উইকেট—বাংলার পেসারের রঞ্জি কেরিয়ারের সেরা বোলিং ফিগার। আজ সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে সুইং ও নিখুঁত লেংথে ভেঙে দেন প্রতিপক্ষের মেরুদণ্ড। শুরুর ধাক্কা, মাঝে ব্রেকথ্রু, শেষে টেল-এন্ড সাফ—সবটাই সেরে ফেলেন নিখুঁতভাবে।
অবদুল সামাদ (Abdul Samad) ৮২ ও অধিনায়ক পরস দোগরা (Paras Dogra) ৫৮ রানে কিছুটা প্রতিরোধ গড়লেও ৩০২ রানে থেমে যায় জম্মু। ফলে গুরুত্বপূর্ণ প্রথম ইনিংস লিড পায় বাংলা। সেই সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি বাংলার হাতে।
কিন্তু আজ দ্বিতীয় সেশনে ছবিটা পুরোপুরি পাল্টে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার টপ অর্ডার কার্যত তাসের বাড়ির মতো ভেঙে পড়ে। আকিব নবি (Auqib Nabi) ও সুনীল কুমারের (Sunil Kumar) শুরুর স্পেলে বিপর্যয়। সুদীপ ঘরামি গোল্ডেন ডাক। অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran) ইনসুইংয়ে পরাস্ত। অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) এলবিডব্লিউ। স্কোরবোর্ডে ২০ রানও ওঠেনি, ততক্ষণে চার উইকেট পড়ে গিয়েছে!
হঠাৎ করেই ম্যাচে কামব্যাক জম্মু ও কাশ্মীরের। পিচে বাড়তি বাউন্স ও মুভমেন্ট কাজে লাগিয়ে বোলাররা বাংলার ব্যাটারদের চাপে রেখেছেন। লিড থাকলেও তা যথেষ্ট নয়—এটা এতক্ষণে স্পষ্ট। তাই সব মিলিয়ে প্রশ্ন উঠছে সামির ৮ উইকেট আখেরে ফল দেবে? নাকি ব্যাটিং ব্যর্থতায় সব পরিশ্রম মাঠে মারা যাবে? ফাইনালে উঠতে হলে বাংলার বড় টার্গেট রাখা জরুরি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা কতটা সম্ভব—বলা মুশকিল।
একদিকে সামির নির্বাচকদের উদ্দেশে জোরালো বার্তা, অন্যদিকে বাংলার ব্যাটিং লাইন আপে ভাঙন। সেমিফাইনালের তৃতীয় দিনের লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে জম্মু। বাংলার সামনে লড়াই কঠিন। ফাইনালের দরজা এখনও বন্ধ না হলেও ক্রমশ আশার আলোটুকু নিভে যাচ্ছে।