ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা—কাঁধের চোটের জন্য খেলছেন না অধিনায়ক বেন স্টোকস। তাঁর জায়গায় ঢুকছেন স্পিন অলরাউন্ডার জ্যাকব বেথেল, যাঁর চলতি বছর টেস্ট অভিষেক হয়েছে।

ওভাল ময়দান
শেষ আপডেট: 31 July 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের কেনিংটন ওভালে (Oval) আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের (Eng vs Ind) পঞ্চম ও শেষ টেস্ট। কিন্তু ভাগ্য নির্ধারণকারী লড়াইয়ের প্রথম দিনেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দিনের বেশির ভাগ সময়েই লন্ডনে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টির ঘোরতর সম্ভাবনা (Oval Test Weather Report)। প্রথম দিনের খেলায় বজ্রঝড়েও বিঘ্ন ঘটতে পারে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা ৮৬ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ও বইতে পারে (২৬ শতাংশ)। আকাশে জমাট থাকবে কালো মেঘের আচ্ছাদন (৮৬ শতাংশ)। যা টসে জেতা অধিনায়কের ব্যাটিং কিংবা বোলিংয়ের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। পূর্বাভাস বলছে, চার ঘণ্টা পর্যন্ত বৃষ্টি চলবে। শুধু প্রথম দিন নয়, পুরো পাঁচ দিনই তা চোখ রাঙাবে। দ্বিতীয় দিন, শুক্রবার, এর সম্ভাবনা সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, চার ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১-এ এগিয়ে। ওভালে ভারত (Team India) জিতলেই সিরিজ ড্র। অন্যদিকে ইংল্যান্ড ঘরের মাঠে যে কোনও মূল্যে টুর্নামেন্ট জিতে নিতে চাইবে। টানা সাত সপ্তাহের ভেতরে পাঁচটি টেস্ট খেলতে হচ্ছে দুই দলকেই। ফলে শারীরিক ক্লান্তি, ফিটনেস নিয়ে উদ্বেগ স্পষ্ট।
ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা—কাঁধের চোটের জন্য খেলছেন না অধিনায়ক বেন স্টোকস। তাঁর জায়গায় ঢুকছেন স্পিন অলরাউন্ডার জ্যাকব বেথেল, যাঁর চলতি বছর টেস্ট অভিষেক হয়েছে। দলে ফিরেছেন পেসার জশ টাং, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন। বিশ্রাম দেওয়া হয়েছে জোফ্রা আর্চার ও ব্রাইডন কার্সকে। বাদ পড়েছেন স্পিনার লিয়াম ডসন। অর্থাৎ, ওভালে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই ময়দানে ইংল্যান্ড।
ভারতীয় শিবিরে নজর জসপ্রীত বুমরাহকে ঘিরে। পিঠের চোটের জন্য শুরু থেকেই ঠিক ছিল, তিনি এই সর্বাধিক তিনটি ম্যাচ খেলবেন। ফলে ওভালে তাঁর নামা হিসেবমতো অনিশ্চিত। বুমরাহ না খেললে ফের সুযোগ পাবেন আকাশ দীপ। এজবাস্টনের দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে নায়ক হন। যদিও পরের ম্যাচেই কুঁচকির চোটে ছিটকে যান।
সিরিজের ভাগ্য ওভালের মেঘলা আকাশের নীচে দুলছে। বৃহস্পতিবার যদি বৃষ্টি হানা দেয়, দুই শিবির কৌশল পাল্টাবে। সেই পরিবর্তিত পরিস্থিতি ও জটিলতা মাথায় রেখেই প্রথম একাদশ বেছে নিতে চাইবেন গৌতম গম্ভীর।