দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশগুলিতে টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে উঠেছেন রাহুল।

যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল
শেষ আপডেট: 2 August 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: ওভালে (Oval) চলছে ইংল্যান্ড-ভারত চলতি সিরিজের (England vs India Fifth Test) পঞ্চম তথা শেষ টেস্ট। আজ টেস্টের তৃতীয় দিন। দ্বিতীয় দিন শেষে টেস্টের যা অবস্থা, তা দেখে বলাই যায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারত।
মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৪৭ রানে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারত দুই উইকেটে ৭৫ রান করেছে। ৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের প্রথম ইনিংসে লিড ছিল ২৩ রানের।
শুক্রবার স্টাম্প ঘোষণার সময় যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৪৯ বলে ৫১ রান এবং আকাশ দীপ দুই বলে চার রান নিয়ে ক্রিজ ছেড়েছেন। বেশ পরপর কয়েকটি ইনিংসে ব্যর্থ হওয়ার পর সমালোচনা উঠতে শুরু করেছিল যশস্বীকে নিয়ে। কিন্তু ওভালের দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের এই ওপেনার ফের পুরনো ছন্দে।
দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলকে সঙ্গে নিয়ে যশস্বী গড়েন ৪৬ রানের জুটি। ২৮ বলে সাত রান করে জশ টংয়ের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। এরপর সাই সুদর্শন ১১ রান করে গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হন। যশস্বী ৪৪ বলে তাঁর ১৩তম হাফ-সেঞ্চুরিটি পূর্ণ করেন। এটি বর্তমান সিরিজে তাঁর তৃতীয় ফিফটি। তৃতীয় দিন এই বাঁ-হাতি ব্যাটার ৫১ রানে এবং আকাশ দীপ ৪ রানে শুরু করবেন।
এদিকে কেএল রাহুল (KL Rahul) শুক্রবার একটি নজির স্পর্শ করেছেন। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশগুলিতে টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে উঠেছেন তিনি। রাহুল বর্তমান সিরিজে ৫৩২ রান করেছেন। এই ক্ষেত্রে শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে একটি টেস্ট সিরিজে প্রাক্তন এই ক্রিকেটার ৫৪২ রান করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন মুরলী বিজয়, যিনি ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে ৪৮২ রান করেছিলেন।
SENA দেশে টেস্ট সিরিজে সর্বাধিক রান করা ভারতীয় ওপেনাররা
ব্যাটার | রান | স্থান | বছর |
|---|---|---|---|
সুনীল গাভাসকর | ৫৪২ | ইংল্যান্ড | ১৯৭৯ |
কেএল রাহুল | ৫৩২ | ইংল্যান্ড | ২০২৫ |
মুরলী বিজয় | ৪৮২ | অস্ট্রেলিয়া | ২০১৪-১৫ |
বীরেন্দ্র সেহয়াগ | ৪৬৪ | অস্ট্রেলিয়া | ২০০৩-০৪ |
ইংল্যান্ডের প্রথম ইনিংস
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে ৯২ রান উঠলেও বড় ইনিংস গড়তে পারেনি তারা। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৪৭ রানে। প্রথম ইনিংসে তারা ২৩ রানের লিড পায়। ভারতের হয়ে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ চারটি করে উইকেট নেন। আর আকাশ দীপ নেন একটি উইকেট। ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস ওকস চোটের জন্য ব্যাট করতে পারেননি।
ইংল্যান্ডের শুরুটা অবশ্য দারুণ করেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। প্রথম উইকেটে ৯২ রানের জুটি গড়েন তাঁরা। যা আকাশ দীপ ভেঙে দেন ডাকেটকে (৪৩ রান) আউট করে। তিন নম্বরে নেমে অধিনায়ক অলি পোপ করেন ৩৭ রান। ৫৭ বলে ৬৪ রান করে ক্রলি প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা দুরন্ত প্রত্যাবর্তন করেন। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ এই সেশনে তিনটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন। অলি পোপ (২২), জো রুট (২৯), জ্যাকব বেথেল (৬), জেমি স্মিথ (৮), জেমি ওভারটন (০) একে একে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর গাস অ্যাটকিনসন ১১ রানে এবং হ্যারি ব্রুক ৫৩ রানে আউট হন। জশ টং খাতা না খুলে অপরাজিত থাকেন।
ভারত এখন এগিয়ে ৫২ রানে। হাতে রয়েছে আরও আটটি উইকেট। যশস্বী জয়সওয়াল যে মেজাজে খেলছেন,তাতে বলা যেতে পারে ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার মানসিকতা দেখা যাচ্ছে তাঁর মধ্যে। বিশেষজ্ঞদের মতে ভারত যদি ২৫০+ রানের লিড নিতে পারে, তবে বড় কোনও অঘটন না ঘটলে টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত।