২০১৮-১৯ সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে প্রথম নজর কাড়েন প্রিয়জিৎ। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে সিএবি থেকে পুরস্কারও পেয়েছিলেন।

প্রিয়জিৎ ঘোষ
শেষ আপডেট: 2 August 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: এবার জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু (Died) হল বাংলার এক তরুণ ক্রিকেটারের (Bengal Cricketer)। মৃত ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ (Priyajit Ghosh) আদতে বীরভূমের বোলপুরের বাসিন্দা। মাত্র ২২ বছর বয়সেই তাঁকে পাড়ি দিতে হল না ফেরার দেশে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে বিরাট কোহলির পরম ভক্ত প্রিয়জিৎ প্রতিদিনের মতো বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার একটি জিমে গিয়েছিলেন। জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিভাবান এই ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ তাঁর আত্মীয়, পরিজনরাও।
২০১৮-১৯ সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে প্রথম নজর কাড়েন প্রিয়জিৎ। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে সিএবি থেকে পুরস্কারও পেয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল বাংলার হয়ে রঞ্জি খেলা। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল।
এই তরুণ ক্রিকেটারের এমন আকস্মিক মৃত্যু নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠেছে, শরীরচর্চাই কি কাল হয়ে দাঁড়াচ্ছে! এই তরুণ ক্রিকেটারের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদেরও। অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলছে। জিম করার সময় এভাবে মৃত্যুর ঘটনাও নতুন নয়। যিনি ক্রিকেট খেলেন, নিয়মিত শরীরচর্চা করেন, তিনি কেন এভাবে অসুস্থ হবেন? উঠছে সেই প্রশ্ন। তবে চিকিৎসকদের মতে, কোভিড-কালের পর থেকেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে এরকম মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে।