সব মিলিয়ে, বিতর্ক এখন ‘স্লগার’ বনাম ‘শটমেকার’। অভিষেকের ব্যাটিং স্টাইল ঝুঁকিপূর্ণ, কিন্তু তা কি শুধুই স্লগিং?

অভিষেক শর্মা
শেষ আপডেট: 27 February 2026 16:39
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলেছিলেন মহম্মদ আমির। এবার সরাসরি সেই মন্তব্যের পাল্টা দিলেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। প্রাক্তন ভারতীয় অফস্পিনারের স্পষ্ট বক্তব্য—অভিষেক শর্মা (Abhishek Sharma) নিছক স্লগার নন, বরং আজকের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাট সুইং তাঁর দখলে।
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য করার পর প্রাক্তন পাক পেসার আমির (Mohammad Amir) জানান, অভিষেকের ব্যাটিংয়ে ‘ডিফেন্সিভ গিয়ার’ নেই। তাঁর কথায়, ‘ও শুধু স্লগার।’ গতরাতে সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ করে জবাব দিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার। আর সেই ইনিংসের পরই অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে (‘Ash Ki Baat’) আমিরের মন্তব্য নিয়ে মুখ খোলেন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনারের সাফ কথা, ‘ওর খেলা নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু অভিষেক স্লগার নয়। আজকের দিনে ওর ব্যাট সুইং সবচেয়ে ঈর্ষণীয়। আমরা জানি, যুবরাজ সিং (Yuvraj Singh) ওর মেন্টর। আমার তো মনে হয়, অভিষেকের ব্যাট সুইং যুবরাজের থেকেও ভাল হতে পারে।’ পরে জুড়ে দেন, ‘অভিষেক যখন মারে, বল অনেক দূরে যায়। তাই অনেকে ভুল করে ওকে স্লগার ভাবে। ওর একটাই ভুল—প্রতিটা বলেই আগ্রাসন দেখাতে চায়।’
অশ্বিনের এই মন্তব্যে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। কারণ ‘স্লগার’ শব্দটি শুধু টেকনিক নয়, মানসিকতারও প্রশ্ন তুলেছে। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) আরও এক প্রাক্তন তারকা, যিনি আমির-পন্থী নন। তাঁর মতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেকের ইনিংস আসলে পরিণত ব্যাটিংয়ের উদাহরণ। তিনি বলেন, ‘আমরা জানি অভিষেক কতটা প্রতিভাবান। ৫৫ রানের এই ইনিংস দিয়ে সমালোচকদের চুপ করিয়েছে। শুরুতে সময় নিয়েছে। অফস্পিনারকে সম্মান করেছে। ঝুঁকি নেয়নি। শান্তভাবে খেলেছে।’ গাভাসকরের সংযোজন, ‘এই ম্যাচে ওকে ডিফেন্স করতে দেখলাম। সাধারণত আমরা ওকে এভাবে খেলতে দেখি না। ফলে আমিও অবাক হয়েছিলাম।’
সব মিলিয়ে, বিতর্ক এখন ‘স্লগার’ বনাম ‘শটমেকার’। অভিষেকের ব্যাটিং স্টাইল ঝুঁকিপূর্ণ, কিন্তু তা কি শুধুই স্লগিং? অশ্বিনের জবাব, না। গাভাস্কার জানাচ্ছেন, প্রয়োজন হলে রক্ষণও করতে জানেন টিম ইন্ডিয়ার ওপেনার৷ এত আলোচনার মধ্যেও আপাতত একটা বিষয় স্পষ্ট—মতভেদ যতই থাক, অভিষেকের প্রতিভা নিয়ে কারও একচুল সন্দেহ কমই।