জাতীয় দলে সুযোগ হারানোর পর তিনি বারবার বলেছেন, নিজের পারফরম্যান্স দিয়েই ফিরতে চান। রঞ্জিতে ধারাবাহিকতা সেই দাবির বড়সড় প্রমাণ হয়ে উঠতে পারে।

পৃথ্বী শ
শেষ আপডেট: 27 October 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফের আলোচনায় পৃথ্বী শ। (Prithvi Shaw)। মহারাষ্ট্রের (Maharashtra) হয়ে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ফের একবার দাপট দেখালেন। চণ্ডীগড়ের (Chandigarh) বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ডবল সেঞ্চুরি পূর্ণ করলেন মাত্র ১৪১ বলে। রঞ্জি ইতিহাসে এটিই দ্বিতীয় দ্রুততম দ্বিশতরান (Double Hundred)।
মুম্বই (Mumbai) থেকে মহারাষ্ট্র। দলবদল করে চলতি মরশুমেই নতুন জার্নি শুরু করেছেন পৃথ্বী। পরিবর্তনের সিদ্ধান্ত যে একদম ঠিক ছিল, তা আরও একবার প্রমাণ করলেন দুরন্ত পারফরম্যন্সে। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন। ১৪১ বলে পৌঁছে যান দু’শো–র ঘরে। পেছনে ফেলেন ২০২৩–২৪ মরশুমে রাহুল সিংয়ের (Rahul Singh) রেকর্ড।
রঞ্জি ট্রফির এলিট গ্রুপে (Elite Group) পৃথ্বীর এই ইনিংস এখনও পর্যন্ত দ্বিতীয় দ্রুততম ডবল সেঞ্চুরি। উপরে রয়েছেন একমাত্র রবি শাস্ত্রী (Ravi Shastri)। যিনি ১৯৮৪–৮৫ মরশুমে মাত্র ১২৩ বলে দ্বিশতরান করেন। প্রায় চার দশক পর পৃথ্বীর ইনিংস তালিকায় দ্বিতীয় স্থান করে নিল।
পৃথ্বীর খেলা শুধু গতি নয়, ছন্দেও ভরপুর। শুরু থেকে বোলারদের উপর চাপ তৈরি করেন। নিয়মিত স্ট্রোক খেলে এগিয়েছেন। তাঁর ব্যাট থেকে রান এসেছে ঝড়ের গতিতে—বাউন্ডারি ও ছক্কায় ভরপুর ইনিংস। প্রথম শতরান আসে ৭০ বলের মধ্যে, আর দ্বিতীয় শতরান করতে সময় নেন মাত্র ৭১ বল।
দলবদলের পর এই ইনিংস পৃথ্বীর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের ইঙ্গিত দিচ্ছে। জাতীয় দলে সুযোগ হারানোর পর তিনি বারবার বলেছেন, নিজের পারফরম্যান্স দিয়েই ফিরতে চান। রঞ্জিতে ধারাবাহিকতা সেই দাবির বড়সড় প্রমাণ হয়ে উঠতে পারে।