প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর রেকর্ড কিন্তু উজ্জ্বল। ঝুলিতে ৪ হাজার ৫৫৬ রান, গড় প্রায় ৪৬। ব্যাটে ছন্দ থাকলে তিনি দেশের অন্যতম সম্ভাবনাময় ওপেনার।

পৃথ্বী শ'
শেষ আপডেট: 15 October 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: দল বদলে ভাগ্য ফেরাবেন—এই আশাতেই মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের (Maharashtra) হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2025) খেলতে নামেন পৃথ্বী শ’ (Prithvi Shaw)। কিন্তু নতুন অধ্যায়ের প্রথম পাতাটাই গেল একেবারে ছিঁড়ে! পয়লা ইনিংসে খাতা খুলতে না খুলেই ফিরলেন প্যাভিলিয়নে। তাও চার বলের মাথায়। মহারাষ্ট্রের হয়ে এটি তাঁর প্রথম লাল বলের ম্যাচ, আর সেই ডেবিউই পরিণত হল দুঃস্বপ্নে!
কেরলের (Kerala) বিরুদ্ধে পুণেতে (Pune) ম্যাচের শুরুতেই ধস। স্কোরবোর্ডে তখনও চালু হয়নি। মাত্র ১.১ ওভার শেষে ০/৩! পৃথ্বী, অর্জিন কুলকার্নি (Arshin Kulkarni) ও সিদ্ধেশ ভির (Siddhesh Veer)—তিনজনই আউট, তিনজনই ‘ডাক’। দর্শক গ্যালারিতে অদ্ভুত স্তব্ধতা।
পৃথ্বীর বিপর্যয় ঘনিয়ে আসে প্রথম ওভারেই। নিধীশ এম.ডি.-র (Nidheesh MD) ইনসুইঙ্গার প্যাডে লাগতেই আম্পায়ারের আঙুল উঠে যায়। এলবিডব্লিউ (LBW)! চার বল টিকতে ব্যর্থ পৃথ্বী। নিধীশের ডেলিভারিতেই অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddeen) হাতে কট বিহাইন্ড আরেক ওপেনার সিদ্ধেশ। পরের ওভারে বাসিল এন.পি. (Basil NP) প্রথম বলেই আউট করেন অর্জিন কুলকার্নিকে। স্কোর তখন ০/৩। মিনিট পাঁচেকের মধ্যেই যোগ হয় আরও একটি উইকেট। এবার অঙ্কিত বাওনে (Ankit Bawne)। ফেরেন মাত্র ৫ রানে। ফলে মহারাষ্ট্রের ইনিংস চকিতে ৫/৪।
আজকের এই ম্যাচকে ঘিরে ছিল ভরপুর উত্তেজনা। একদিকে পৃথ্বী শ’, অন্যদিকে ভারতের আরেক তারকা সঞ্জু স্যামসন (Sanju Samson) কেরলের হয়ে মাঠে। মহারাষ্ট্রের দলে রয়েছেন রুতুরাজ গায়কওয়াড় (Ruturaj Gaikwad), যিনি চার নম্বরে নেমেছেন। ভারতীয় দলের ওডিআই স্কোয়াডে জায়গা না পেয়ে স্যামসনও ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরতে। কিন্তু পৃথ্বীর ক্ষেত্রে শুরুটাই গেল বদলে। সাম্প্রতিক অতীতে তাঁর অফ–ফিল্ড বিতর্ক, ফিটনেস সমস্যা আর মুম্বইয়ের দল থেকে বাদ পড়া—সব মিলিয়ে চাপ ছিল প্রবল। চলতি সিজনে মহারাষ্ট্রে এসে নতুন করে শুরু করার ইচ্ছা থাকলেও প্রথম ইনিংসের ব্যর্থতা ঠিক যেন সেই পুরনো হতাশারই পুনরাবৃত্তি!
প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর রেকর্ড কিন্তু উজ্জ্বল। ঝুলিতে ৪ হাজার ৫৫৬ রান, গড় প্রায় ৪৬। ব্যাটে ছন্দ থাকলে তিনি দেশের অন্যতম সম্ভাবনাময় ওপেনার। কিন্তু প্রশ্ন একটাই—এই ব্যর্থ সূচনা কি তাঁর আত্মবিশ্বাসে নতুন করে আঘাত হানবে? নাকি এখান থেকেই শুরু হবে প্রত্যাবর্তনের গল্প?