
শেষ আপডেট: 13 December 2023 23:43
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল টি ২০ সিরিজ খেলছে। এমনকী এইসময় ভারতীয় এ দলও রয়েছে নেলসন ম্যান্ডেলার দেশে। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ক্রিকেটের বিরাম নেই।
দক্ষিণ আফ্রিকার পোচেসস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি সিরিজ খেলছে ভারতের এই দল। বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। শুধু তাই নয়, হ্যাটট্রিক করে চমকে দেন তিনি। এবারই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে প্রসিদ্ধকেই দলে নেওয়া হয়েছিল। তিনি একটি ম্যাচও খেলতে পারেননি।
প্রসিদ্ধ কৃষ্ণ দ্বিতীয় বোলার যিনি চলতি বছরে দু’বার এই কৃতিত্ব দেখালেন। এর আগে জয়দেব উনাদকাট সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। প্রসিদ্ধ শুধুমাত্র ষষ্ঠ ভারতীয় বোলার যিনি ভারতের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।
এর আগে যশপ্রীত বুমরা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০১৯ সালের অগস্ট মাসে কিংস্টনে হ্যাটট্রিক করেছিলেন। এই তালিকায় রয়েছে ইরফান পাঠানের নামও। ওই ভারতীয় পেসারও করাচিতে ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই কৃতিত্ব দেখান। ১৯৪৬ সালে অবশ্য প্রথম ভারতীয় ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন সিকে নাইডু।