ফখরের আউটের পর নতুন করে ভারত–পাক দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। আইসিসি এবার তদন্তে নামে কি না, সেটাই এখন প্রশ্ন। কারণ পিসিবির অভিযোগ যতটা না ক্রিকেটসুলভ, তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক। যা ছায়া ফেলছে প্রতিটি ঘটনায়।

ফখর জমান
শেষ আপডেট: 22 September 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচ শেষ। তবু বিতর্ক থামেনি। কেন্দ্রে ফখর জামানের (Fakhar Zaman) আউট। তাই নিয়েই ঝড় বইছে দু’দেশের ক্রিকেটমহলে। পাকিস্তান যদিও স্রেফ অসন্তোষেই থেমে নেই। সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পাক ক্রিকেট বোর্ড (PCB)।
ম্যাচের তৃতীয় ওভারের ঘটনা। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) অফকাটারে ব্যাট ছোঁয়ানোর পর বল গিয়ে পৌঁছয় সঞ্জু স্যামসনের (Sanju Samson) হাতে। ভারতের দাবি—স্পষ্ট ক্যাচ। তাই আউট। আম্পায়ার দ্বিধায়। ফখরও ক্রিজ ছেড়ে বেরোতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য, বল মাটিতে লেগে তারপর গ্লাভসে জমেছে।
বাধ্য হয়ে মাঠের আম্পায়ারদের আর্জি যায় থার্ড আম্পায়ারের কাছে। একাধিক রিপ্লে দেখে শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পেলিয়াগুরুগে (Ruchira Palliyaguruge) ঘোষণা করেন—আউট! স্ক্রিনে যা দেখামাত্র হতভম্ব ফখর। বিরক্তও। মাথা নেড়ে অবিশ্বাস জাহির করেন। ডাগআউটে বসে থাকা পাকিস্তান কোচ মাইক হেসনও (Mike Hesson) তখন চাপা ক্ষোভে ফুঁসছেন! ম্যাচ শেষে পাক অধিনায়ক সলমন আলি আঘাও (Salman Ali Agha) হতাশা গোপন করেননি। সাফ বলেন, ‘বলটা পুরোপুরি গ্লাভসে যায়নি, বাউন্স করেছে!’
বিষয়টা যে স্রেফ কথা চালাচালিতেই থেমে থাকবে না, আজ তা স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষ হতেই দলীয় ম্যানেজার নাভিদ চিমা (Naveed Cheema) আইসিসির কাছে অভিযোগ দাখিল করেন। এক শীর্ষকর্তার বক্তব্য: ‘আমাদের কাছে গোটা ঘটনা স্পষ্ট: ফখর আউট ছিল না। বল পুরোপুরি ক্যারি করেনি। আমরা তদন্ত চাই!’
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের পরও পিসিবি অভিযোগ তোলে। তখন দাবি ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft) জোর খাটিয়ে পাক অধিনায়ককে হাত না মেলাতে বলেছেন। তাঁকে সরানোর আর্জি জানায় পিসিবি। আইসিসি তা পত্রপাঠ খারিজ করে দেয়। পরে পাকিস্তান বোর্ড প্রচার করে, পাইক্রফট নাকি ‘ভুল বোঝাবুঝি’-র জন্য ক্ষমা চেয়েছেন। যদিও সেই ভিডিও প্রকাশ করে উলটে নিয়মভঙ্গের দায়ে চাপে পড়ে যায় পাকিস্তান শিবির।
সব মিলিয়ে ফখরের আউটের পর নতুন করে ভারত–পাক দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। আইসিসি এবার তদন্তে নামে কি না, সেটাই এখন প্রশ্ন। কারণ পিসিবির অভিযোগ যতটা না ক্রিকেটসুলভ, তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক। যা ছায়া ফেলছে প্রতিটি ঘটনায়।
এই পরিস্থিতিতে মঙ্গলবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে নামছে পাকিস্তান। পরাজয় মানে বিদায় নিশ্চিত। তার আগে ফখর বিতর্কে পাক বোর্ডের এই তোপ কি আরও চাপ বাড়াবে? নাকি আইসিসি পুরনো সুরেই জানাবে—সবই নিয়মমাফিক?