অনূর্ধ্ব–১৯ স্তরে শৃঙ্খলা ও আচরণ নিয়ে এই অভিযোগ আগামী দিনে ভারতীয় শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

ফের নজরে মহসিন
শেষ আপডেট: 23 December 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ফাইনালের (U-19 Asia Cup 2025) রেশ এখনও কাটেনি। মাঠে পাকিস্তানের দাপুটে জয়, তারপর মাঠের বাইরের বিতর্ক। এবার ভারতীয় অনূর্ধ্ব–১৯ ক্রিকেটারদের আচরণ নিয়ে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi), যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রধানও বটে।
ফাইনালের উত্তাপ, মাঠে ঠিক কী হয়েছিল?
রবিবার ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে ৩৪৭/৮। ওপেনার সমীর মিনহাসের (Sameer Minhas) ঐতিহাসিক শতরানে ম্যাচ কার্যত একপেশে হয়ে দাঁড়ায়। জবাবে ভারত ২৬.২ ওভারেই গুটিয়ে যায় ১৫৬ রানে। ফলে পাকিস্তানের জয় ১৯১ রানে—১৩ বছর পর অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ জয়ের স্বাদ, ইতিহাসে মাত্র দ্বিতীয়বার।
কিন্তু ম্যাচ চলাকালীনই দুই দলের ক্রিকেটারদের মধ্যে একাধিক উত্তপ্ত মুহূর্ত তৈরি হয়। কথা কাটাকাটি, অঙ্গভঙ্গি—সব মিলিয়ে পরিস্থিতি যে শুধুই ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা মানছেন পাকিস্তান শিবিরের কর্তারা।
কেন আইসিসির কাছে অভিযোগ?
ফাইনালের পর পাকিস্তানের অনূর্ধ্ব–১৯ টিমের কোচ সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed) পক্ষ থেকে প্রথমে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আপত্তি তোলা হয়। যার ভিত্তিতেই এবার আইসিসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল পিসিবি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহসিন নকভি স্পষ্ট বলেন, ‘ফাইনালে ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানি ক্রিকেটারদের উসকানি দিচ্ছিল। পাকিস্তান বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাবে। রাজনীতি আর খেলাধুলো আলাদা থাকা উচিত।’
নকভির এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, বোর্ড বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না।
ফের আলোচনায় ‘স্পিরিট অফ দ্য গেম’
সরফরাজ আহমেদ আরও কড়া। চড়া সুরে যিনি বলেন, ভারতের আচরণ ‘ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে’। তাঁর কথায়, ‘মাঠে কীভাবে আচরণ করতে হয়, সেটা সবার জানা উচিত। আমরা জিতেছি, কিন্তু স্পোর্টসম্যানশিপ বজায় রেখেই উদ্যাপন করেছি। ভারতের আচরণ তাদের মানসিকতারই প্রতিফলন।’
এই বিতর্ক নতুন কিছু নয়। চলতি বছর সিনিয়র এশিয়া কাপেও (Men’s Asia Cup 2025) ভারত–পাকিস্তান ম্যাচে কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ উঠেছিল। সেই সময় হ্যারিস রউফ (Haris Rauf) ও সূর্যকুমার যাদব-সহ (Suryakumar Yadav) একাধিক ক্রিকেটারকে আইসিসি ‘ভর্ৎসনা’ করে, কাটা হয় ম্যাচ-ফি-ও।
এরপর কী?
এখন দেখার, আইসিসি এই অভিযোগের ভিত্তিতে আদৌ কোনও তদন্ত শুরু করে কি না। অনূর্ধ্ব–১৯ স্তরে শৃঙ্খলা ও আচরণ নিয়ে এই অভিযোগ আগামী দিনে ভারতীয় শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। মাঠে হার–জিতের বাইরে, ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার প্রশ্নটাই আপাতত সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।