পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহিকে বুধবার হারিয়েছে ৪১ রানে।

টিম পাকিস্তান
শেষ আপডেট: 18 September 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: বিস্তর নাটকের যবনিকাপাত। অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি থাকলে খেলব না। ম্যাচের দুই ঘণ্টা আগেও এমনই যুক্তি দিয়েছিল পাকিস্তান। এমনকি তারা নির্দিষ্ট সময়ে টিম হোটেল থেকে বেরিয়ে স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানাও দেয়নি। শেষ পর্যন্ত অবশ্য তারা খেলেছে। আর ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। বুধাবরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে (Super Four) পা রাখল পাকিস্তান (Pakistan)।
পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহিকে বুধবার হারিয়েছে ৪১ রানে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় আমিরশাহি। পাকিস্তান ২০ ওভারে নয় উইকেটে ১৪৬ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরশাহি ১৭.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং আবরার আহমেদ দু’টি করে উইকেট নেন। আর সইম আয়ুব এবং সালমান আগা নিয়েছেন একটি করে উইকেট।
গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান সুপার-৪-এ প্রবেশ করেছে। ভারত তাদের দু’টি ম্যাচেই জয়লাভ করে চার পয়েন্ট এবং +৪.৭৯৩ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে। এখন গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া নিয়মরক্ষার ম্যাচে ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে ওমানের বিপক্ষে। অন্যদিকে, পাকিস্তান প্রথম ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়ে তাদের অভিযান শুরু করেছিল। তবে, রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ভারতের কাছে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে চার পয়েন্ট এবং +১.৭৯০ নেট রান রেট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে উঠে গিয়েছে। এই গ্রুপে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
আমিরশাহির বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স হতাশাজনক ছিল। তবে, আমিরশাহির দুর্বল ব্যাটিংয়ের কারণে ম্যাচ জিততে অবশ্য অসুবিধা হয়নি তাদের। পাকিস্তানের ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান এবং সাইম আয়ুব করেন মাত্র নয় রান। এরপর ইনিংস মেরামতির দায়িত্ব নেন অভিজ্ঞ ফখর জামান। তিনি ৩৬ বলে দু’টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫০ রান করেন। পাকিস্তানের সর্বোচ্চ রান এসেছে ফখর ব্যাট থেকে।
পাকিস্তানের ছয় ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে ব্যর্থ হন। নীচের দিকে, শাহিন শাহ আফ্রিদি ফের দুর্দান্ত পারফর্ম করে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। তিনি ১৪ বলে তিনটি চার এবং দু’টি ছক্কার সাহায্যে ২৯ রানে অপরাজিত থাকেন। সংযুক্ত আরব আমিরশাহিরর হয়ে জুনায়েদ সিদ্দিকী চারটি উইকেট নেন, এবং সিমরনজিৎ সিং তিনটি উইকেট নেন। ধ্রুব পরাশরও একটি উইকেট নেন।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরশাহির ব্যাটিং বরাবরই নড়বড়ে ছিল। ইউএইর হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রাহুল চোপড়া। আমিরশাহির তিনজন ব্যাটার খাতাও খুলতে পারেননি। আমিরশাহির হয়ে আলিশান শারাফু ১২, মহম্মদ ওয়াসিম ১৪, ধ্রুব পরাশর ২০, হায়দার আলি ছাড়া আর কেউই দুই অঙ্কের রান পাননি।