এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে এখন ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে। আর বাবরকে পুরনো ছন্দ।
_0.jpeg.webp)
দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 29 October 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: একেবারে একতরফা ম্যাচ বললেও কম বলা হয়। রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) প্রথম টি–২০তে (T20I) পাকিস্তানকে ৫৫ রানে পিষে দিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ব্যাটে–বলে দাপট দেখালেন জর্জ লিন্ডে (George Linde)। অন্যদিকে, প্রত্যাবর্তনের ম্যাচে হতাশ করলেন বাবর আজম (Babar Azam)—মাত্র দুই বল খেলেই শূন্য রানে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে শুরু করে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস (Reeza Hendricks) ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল পাঁচটি চার ও একটি ছয়। ওপেনিং সঙ্গী টনি ডি জর্জি (Tony de Zorzi) ঝড়ো ১৬ বলে ৩৩ রান তোলেন। মাঝের দিকে কুইন্টন ডি কক (Quinton de Kock) ২৩ ও জর্জ লিন্ডে ২২ বলে ৩৬ রান করে দলকে ১৯৪ রানে পৌঁছে দেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) ৩ উইকেট নেন ২৬ রানে। সাইম আয়ুব (Saim Ayub) পান ২টি। কিন্তু শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও নাসিম শাহ (Naseem Shah) চূড়ান্ত ব্যর্থ—দু’জনেই ১১–এর বেশি ইকনমি রেটে রান খরচ করেন।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়। ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ২৪ রান করে মোটামুটি ছন্দে ছিলেন, কিন্তু বাবর আজমের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথে হাঁটা ফের পাকিস্তানকে চাপে ফেলে। করবিন বশের (Corbin Bosch) বলে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর এভাবে আউট হওয়ার জেরে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বাবরের ফর্ম ও মানসিক প্রস্তুতি নিয়ে।
এদিন বাকি ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। কেবল সাইম আয়ুব (৩৭ বলে ২৮) ও মহম্মদ নওয়াজ (২০ বলে ৩৬) খানিক প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু মাঝের ওভারে করবিন বশ ও জর্জ লিন্ডের বোলিংয়ে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন–আপ। বশ ৩.১ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট তুলে নেন। লিন্ডের নামের পাশে ৩ উইকেট ৩১ রানে। লিজাড উইলিয়ামস (Lizaad Williams) নেন ২ উইকেট। ফলে শেষমেশ ১৮.১ ওভারেই ১৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে এখন ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে। আর বাবরকে পুরনো ছন্দ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা – ১৯৪/৯ (২০ ওভারে): রিজা হেনড্রিকস ৬০, জর্জ লিন্ডে ৩৬; মহম্মদ নওয়াজ ৩/২৬
পাকিস্তান – ১৩৯ (১৮.১ ওভারে): সাইম আয়ুব ৩৭, মহম্মদ নওয়াজ ৩৬; করবিন বশ ৪/১৪, জর্জ লিন্ডে ৩/৩১
ফলাফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ৫৫ রানে।