ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে, চপচপে ভিজে জার্সি কীভাবে পাকিস্তানি খেলোয়াড়দের গায়ে সেঁটে যাচ্ছে। তাতে ফিল্ডিং থেকে শুরু করে ব্যাটিং—সবেতেই ক্রিকেটাররা সমস্যায় পড়ছেন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 18 September 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) বাইশ গজের লড়াইয়ের থেকেও উত্তেজনার আঁচ বাড়িয়েছে মাঠের বাইরের নাটক। ভারত–পাকিস্তানের ‘হ্যান্ডশেক বিতর্ক’ থামেনি। অথচ তার মধ্যেই নতুন করে মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB)। অভিযোগ খেলোয়াড়দের জার্সি নিয়ে। তা নাকি এতটাই নিম্নমানের, যে ঘামে ভিজে ক্রিকেটারদের শরীরে লেপ্টে থাকছে!
এই বিস্ফোরক অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ আতিক–উজ–জামান (Atiq-uz-Zaman)। বুধবার আমিরশাহির (UAE) বিরুদ্ধে পাকিস্তান জিতলেও খেলার পর সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন তিনি। মহসিন নকভির ক্রিকেট বোর্ডকে নিশানা করে এক্স–এ (X) লেখেন, ‘পাকিস্তানের খেলোয়াড়রা খারাপ মানের জার্সি পরে মাঠে নামছে। ঘামে শরীর ভিজে যাচ্ছে। অথচ অন্য দলকে দেওয়া হচ্ছে যথাযথ ড্রাই-ফিট কিট। যখন টেন্ডার পেশাদারদের বদলে বন্ধুদের হাতে দেওয়া হয়, তখন ঠিক এটাই ভবিতব্য! ঘামের থেকেও বেশি করে চুঁইয়ে পড়ছে দুর্নীতি!’
ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে, চপচপে ভিজে জার্সি কীভাবে পাকিস্তানি খেলোয়াড়দের গায়ে সেঁটে যাচ্ছে। তাতে ফিল্ডিং থেকে শুরু করে ব্যাটিং—সবেতেই ক্রিকেটাররা সমস্যায় পড়ছেন। মজার ব্যাপার, বাকি স্পনসর যেমন, পেপসি, টিসিএল কিংবা পার্কভিউ সিটির নাম দেওয়া থাকলেও বোর্ডের ওয়েবসাইটে কোনও কিট স্পনসরের নাম নেই। অন্যদিকে, টিম ইন্ডিয়ার অফিসিয়াল কিট পার্টনার জার্মান জায়ান্ট অ্যাডিডাস (Adidas)। তুলনাটা যে পাকিস্তানের গায়ে আগুন ধরাচ্ছে, তা এই অসন্তোষ থেকে স্পষ্ট। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জামানের সুরে সুর মিলিয়েছেন। অনেকেই খেয়াল করেছেন পাকিস্তানি ক্রিকেটারদের অস্বস্তি। প্রশ্ন তুলেছেন—কেন এমন নিম্নমানের জার্সি দেওয়া হচ্ছে জাতীয় দলকে?
পিসিবি এর আগে থেকেই একগাদা বিতর্কে জর্জরিত। ভারতের ম্যাচে করমর্দন না করার নাটক, রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) সরানোর দাবি, আমিরশাহি ম্যাচের আগে হোটেলে বসে থাকা—সব মিলিয়ে ক্রিকেটের বদলে শিরোনামে অন্দরকলহ, গৃহযুদ্ধ। গতকাল শেষ পর্যন্ত পাইক্রফট ‘ভুল বোঝাবুঝি’-র জন্য দুঃখপ্রকাশ করায় পাক দল মাঠে নামে। আমিরশাহিকে হারিয়ে তারা সুপার ফোরে উঠেছে। এখন হ্যান্ডশেক-কাণ্ড থিতিয়ে যেতেই সামনে ‘জার্সি কেলেঙ্কারি’! খেলোয়াড়দের স্বচ্ছন্দের সঙ্গে জড়িত এমন গুরুতর অভিযোগে পিসিবির ভাবমূর্তিই আখেরে মার খাচ্ছে। কোথাও না কোথাও এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—বাইশ গজে যখন পাকিস্তানের ক্রিকেটারদের ভরসা রাখতে হচ্ছে ঘামের ভেজা নিম্নমানের জার্সিতে, তখন বোর্ডের ভেতরে আরও বড় কোনও দুর্নীতি ঘাপটি মেরে বসে নেই তো?