মালয়েশিয়ার বিরুদ্ধে এই শতরান শুধু স্কোরবোর্ডের সংখ্যা নয়। ভারতীয় ক্রিকেটে সোদপুরের কিশোর অভিজ্ঞান যে আগামী দিনে বড় নাম হয়ে উঠতে পারে, তারই জোরালো বার্তা।

অভিজ্ঞান কুণ্ডু
শেষ আপডেট: 16 December 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: নাম অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu)। জন্মসূত্রে সোদপুরের ছেলে। বড় হওয়া মুম্বইয়ে। ব্যাট হাতে এশিয়া কাপে তাঁর নামটাই আলোচনার কেন্দ্রে। কারণ, আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (ACC U19 Asia Cup 2025) মালয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত শতরান করে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন তিনি।
ব্যাট হাতে একতরফা দাপট
আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ভারতের উইকেটকিপার-ব্যাটার। মাত্র ৮০ বলে শতরান পূর্ণ করেন অভিজ্ঞান। বাউন্ডারিতে সাজানো ইনিংস—মালয়েশিয়ার বোলাররা কার্যত দিশেহারা! তিন উইকেট পড়ে যাওয়ার পরেও ভারতের ইনিংসের গতি এক মুহূর্তের জন্য থামেনি। কুণ্ডুর সঙ্গে দৃঢ় সঙ্গ দেন বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi)। দু’জনের জুটিতে ম্যাচ পুরোপুরি টিম ইন্ডিয়ার নিয়ন্ত্রণে চলে আসে।
এর আগে শুরুটা অবশ্য ঝাঁঝালো ছিল। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ২৫ বলে অর্ধশতরান হাঁকিয়ে দ্রুত বিদায় নেন। অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre) করেন ১৪, বিহান মালহোত্রা (Vihaan Malhotra) থামেন ৭ রানে। কিন্তু শুরুতে উইকেট পড়লেও অভিজ্ঞানের ব্যাটিংয়ে চাপের ছাপ পড়েনি।
ব্যর্থতার পর জবাব ব্যাটে
এই শতরান শুধু একটি ম্যাচের ইনিংস নয়, অভিজ্ঞানের নিজের কেরিয়ার-জার্নিরও প্রতিফলন। ভারতের-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ব্যর্থতার পর মালয়েশিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ঘুরে দাঁড়ালেন তিনি। ম্যাচ বুঝে খেলতে জানেন—এই শতরান তারই প্রমাণ।
সোদপুর থেকে ভারতের ড্রেসিংরুম
ক্রিকেটার হিসেবে অভিজ্ঞানের পথটাও বেশ আলাদা। মুম্বই ক্রিকেটের আদি আঁতুড়ঘর শিবাজি পার্ক নয়, ক্রিকেটের পাঠ শিখেছেন ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই গুরুকুলের মতো পরিবেশে তৈরি হয়েছেন এই বাঙালি কিশোর। নিজের পরিশ্রমেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। ছোট থেকে ধাপে ধাপে উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ টিমের সহ-অধিনায়কও তিনি।
বাংলা বলতে স্বচ্ছন্দ নন, তাই বলে শিকড় ভুলে যাননি অভিজ্ঞান। প্রিয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আরেক জন এমএস ধোনি (MS Dhoni)। দু’জনের সঙ্গেই দেখা করার স্বপ্ন এখনও অধরা। তবে ব্যাট হাতে যেভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় গড়ে তুলছেন, সেই স্বপ্ন যে খুব দূরে নয়—ইঙ্গিতটা স্পষ্ট!
মালয়েশিয়ার বিরুদ্ধে এই শতরান শুধু স্কোরবোর্ডের সংখ্যা নয়। ভারতীয় ক্রিকেটে সোদপুরের কিশোর অভিজ্ঞান যে আগামী দিনে বড় নাম হয়ে উঠতে পারে, তারই জোরালো বার্তা।