এমন আবহে দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। তবে তাঁদের সুযোগ এখনও শেষ হয়নি বলে জানান আকিব।

আকিব জাভেদ
শেষ আপডেট: 17 August 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan) দলে জায়গা পাননি। তাতে কি টিম (Pakistan Cricket Team) আরও শক্তিশালী হয়েছে?
প্রশ্নটা এতদিন ওঠেনি। কিন্তু এশিয়া কাপের টিম থেকে দুই তারকা ক্রিকেটার বাদ পড়ার পর নির্বাচক আকিব জাভেদের (Aqib Javed) মন্তব্য এই জল্পনা উস্কে দিয়েছে। এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই হাওয়া গরম করে দিয়েছেন জাভেদ। তাঁর দাবি, পাকিস্তানের বর্তমান টি২০ দল ভারতকে হারানোর শক্তি রাখে।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা অবশ্যই ভারতকে হারাতে পারি। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বড় লড়াই। আমাদের ১৭ জনের দল যে কোনও প্রতিপক্ষকে হারাতে সক্ষম। তাদের উপর চাপ দেওয়া ঠিক নয়। আমি এই টিমকে নিয়ে অনেক আশাবাদী।’
জাভেদ মুখে যাই বলুন না কেন, পরিসংখ্যান কিন্তু পাকিস্তানের পক্ষে নয়। দুই দল টি২০ মঞ্চে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৯ বার। পাকিস্তানের জয় এসেছে মাত্র ৩টি ম্যাচে। একটি লড়াই অমীমাংসিত শেষ হয়। যেটা ভারত শেষমেশ জিতেছিল বল-আউটে, ২০০৭ টি২০ বিশ্বকাপে।
পাকিস্তান ভারতের বিরুদ্ধে সর্বশেষ জয় ২০২২ সালের এশিয়া কাপের সুপার ফোর পর্বে। দুবাইতে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে শেষ হাসি হেসেছিলেন বাবর আজমরা।
প্রসঙ্গত, এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, দুবাই ও আবু ধাবিতে। পাকিস্তানের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। তারপরের হাইভোল্টেজ লড়াই ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, ভারতের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়েই চর্চা, আলোচনা তুঙ্গে।
এমন আবহে দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। তবে তাঁদের সুযোগ এখনও শেষ হয়নি বলে জানান আকিব। বলেন, ‘এটা নয়, যে আমরা ওদের একেবারে বাদ দিয়ে দিয়েছি। যে কোনও সময় প্রত্যাবর্তন সম্ভব। যেমন, সাহিবজাদা ফারহান, সাইম আযুব কিংবা ফখর জামান ফিরে এসেছে। ফারহান কামব্যাক করেছে, সাইম শুরুতে লড়াই করে পরে ছাপ ফেলেছে। একজন খেলোয়াড়ের কেরিয়ারে স্থায়ী সিলমোহর দেওয়া যায় না। সুযোগ সবসময় আসে!’
কীভাবে আসবে—তারও নকশা বাতলে দিয়েছেন জাভেদ। তাঁর কথায়, ‘এখন বিভিন্ন লিগে ক্রিকেটাররা খেলছে। যেমন, বিগ ব্যাশ কিংবা পিএসএল। যে ভালো পারফরম্যান্স করবে, সে-ই দলে আসবে। যারা পারফর্ম করবে, তারাই দলে জায়গা পাবে!’