আপাতত জাতীয় দলের খেলা নেই। করুণের লক্ষ্য ঘরোয়া ক্রিকেট, আসন্ন মহারাজা ট্রফি। মাইসোর ওয়ারিয়ার্সের হয়ে খেতাব ধরে রাখাই পরবর্তী চ্যালেঞ্জ।

করুণ নায়ার
শেষ আপডেট: 10 August 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: আট বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। ব্যাকড্রপে ঘরোয়া ক্রিকেটে গাদাখানেক রান, নিরবচ্ছিন্ন ফর্ম, অটুট ধারাবাহিকতা, কাউন্টি ক্রিকেটে পাকানো হাত এবং অবশ্যই মানসিক খিদে। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধে যখন দ্বিশতরান করলেন, সবাই ভেবেছিল এজবাস্টন (Edgbaston) কি লর্ডসেও (Lords) একই ধার, একই ঝলক দেখাবেন করুণ নায়ার (Karun Nair)!
কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি। সিরিজজুড়ে সুযোগ পেয়েছেন। সেভাবে রান পাননি, বাদ পড়েছেন, ফের জায়গা করে নিয়েছেন। কিন্তু যে প্রত্যাশার ফানুস উড়েছিল, তা রাতারাতি গায়েব! সমর্থকদের সমানুভূতি বদলে গিয়েছে বিরক্তিতে!
পাঁচ ম্যাচের সিরিজে একমাত্র অর্ধশতক এল শেষ টেস্টের প্রথম ইনিংসে, লন্ডনের ওভালে। দ্বিতীয় ইনিংসে ফের নিষ্প্রভ। সেই ম্যাচটাই ছিল করুণের ‘কমব্যাক’ সফরের একমাত্র উজ্জ্বল মুহূর্ত। ব্যতিক্রমও বটে! ঘরে-বাইরে সমালোচনায় যখন বিদ্ধ হচ্ছেন, জল্পনা উঠছে: হয়তো-বা জাতীয় দলের হয়ে শেষবার জার্সি গায়ে চড়ালেন, ঠিক তখনই, সিরিজ শেষে নিজের হতাশা এতটুকু আড়াল করলেন না করুণ।
ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অকপটে বললেন, ‘ওভালে যে শুরুটা করেছিলাম, সেটাকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারায় আমি হতাশ। তবে পিছনে তাকিয়ে দেখলে মনে হয়, প্রথম দিনের পরিস্থিতি দলের জন্য বেশ কঠিন ছিল। সেখানে ধীরে ধীরে সেট হয়ে রান করাটা জরুরি হয়ে দাঁড়ায়। আগে এখানে ভালো খেলেছি। নর্থ্যাম্পটনশায়ারের হয়ে সারে-র বিরুদ্ধে ১৫০ করেছিলাম। কিছুটা স্নায়ুর চাপ থাকলেও শরীরে উদ্যম ছিল। ভেবেছিলাম শতরান আসবে। সেটা হয়নি!’
সেঞ্চুরি পাননি করুণ। সিরিজও জিতে ফেরেনি ভারত, ২-২ সমতায় শেষ হয়েছে। ব্যক্তিগত মিশন অধরা থাকলেও তাঁর নির্মোহ বিশ্লেষণ, ‘এটা ছিল ওঠা-নামার সিরিজ। নিজেকে নিয়ে অনেক ভেবেছি। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা ছেড়ে সামনের দিকে তাকানো প্রয়োজন। আগামী কয়েক মাসে কী করতে হবে, তার প্রস্তুতি নিচ্ছি। যে স্তরেই খেলি না কেন, মনোযোগ ধরে রেখে বড় রান করতে হবে!’
আপাতত জাতীয় দলের খেলা নেই। করুণের লক্ষ্য ঘরোয়া ক্রিকেট, আসন্ন মহারাজা ট্রফি। মাইসোর ওয়ারিয়ার্সের হয়ে খেতাব ধরে রাখাই পরবর্তী চ্যালেঞ্জ।