শ্রেয়সকে শুভমান গিলের সঙ্গে অধিনায়কত্বের লড়াইয়ে নামতে হবে। কারণ বর্তমান কোচ গৌতম গম্ভীর শ্রেয়স আইয়ারের থেকে শুভমান গিলকে বেশি পছন্দ করেন।

গিল, গম্ভীর ও শ্রেয়স
শেষ আপডেট: 26 August 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের দলে স্থান হয়নি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ১৫ সদস্যের দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর ডেপুটি শুভমান গিল (Shubman Gill)। বিসিসিআই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণার পরই একটা গুঞ্জন শুরু হয়েছিল যে, শ্রেয়সকে স্কোয়াডে না রাখা হলেও নির্বাচকদের ভাবনায় রয়েছেন তিনি। অজিত আগারকর অ্যান্ড কোং তাঁকে রোহিত পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার ওডিআই অধিনায়ক করতে পারে। যদিও এরপরেই বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন এরকম কোনও আলোচনা তো হয়ইনি, পাশাপাশি বোর্ডের মাথাতেও এই চিন্তা নেই।
শ্রেয়স এশিয়া কাপের দলে সুযোগ পাননি টিম ইন্ডিয়া হেডস্যার গৌতম গম্ভীর চাননি বলেই, এমনটাই মনে করছে দেশের ক্রিকেট মহল। অনেক প্রাক্তনই শ্রেয়সের দলে না থাকাটা মেনে নিতে পারছেন না। তাঁদের প্রশ্ন, শ্রেয়সকে আর কতটা পথ হাঁটতে হবে সুযোগ পাওয়ার জন্য।
এই আবহে ভারতের প্রাক্তন ব্যাটার বাংলার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) মনে করছেন, শ্রেয়স হলেন সেই ব্যক্তি, যে আদর্শ অধিনায়ক হতে পারেন। আইয়ারের অধিনায়ক হিসাবে যথেষ্ট সাফল্য পেয়েছেন। ২০২৪ আইপিএলে তাঁর নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। এরপর ২০২৫ আইপিএলে শ্রেয়সের অধিনায়কত্বে ফাইনালে ওঠে পাঞ্জাব। অধিনায়কত্বের বোঝা সামলে তিনি দুরন্ত ব্যাটও করেছেন। তাই মুম্বইয়ের এই ক্রিকেটারকে যোগ্য বলেই মনে করছেন কেকেআর শিবিরের প্রাক্তন সদস্য মনোজ তিওয়ারি।
মনোজ বলেছেন, “রোহিত শর্মার অবসরের পর শ্রেয়সেরই ওডিআই অধিনায়ক হওয়া উচিত। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করেছে। আমি অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে শ্রেয়সকে দেখিনি। তবে ওর অধীনে মুম্বই কিন্তু ঘরোয়া ক্রিকেটে ট্রফি জিতেছে।”
বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি আরও বলেছেন, “ধারাভাষ্যকার হিসাবে আমি শ্রেয়সের উত্থান দেখেছি। ও হচ্ছে এমন একজন, যে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। প্রচুর রান করার পাশাপাশি মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে, যা একজন ভাল অধিনায়কের ক্ষেত্রে অপরিহার্য। কেকেআরের অধিনায়ক থাকাকালীন শ্রেয়স সব কিছু ভাল ভাবে সামলেছে।”
মনোজ আরও বলেছেন, ২০২৪ আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর সমস্ত আলো গিয়ে পড়েছিল মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) উপর, আইয়ারকে নিষ্ঠুর ভাবে উপেক্ষা করা হয়েছিল। মনোজের মতে গম্ভীর শুভমানকে বেশি পছন্দ করেন শ্রেয়সের থেকে। বাংলার এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, “শ্রেয়সের নেতৃত্বে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু প্রত্যাশামতো ও স্বীকৃতি পায়নি। সেই সময় ‘পিআর মেশিনারি’ এমন ভাবে কাজ করেছিল, যে পুরো ফোকাসটা একজনের উপর গিয়ে পড়ে। আমার মনে হয়েছিল শ্রেয়সকেও স্বীকৃতি দেওয়া উচিত ছিল। স্বীকৃতি দেওয়া উচিত ছিল ভরত অরুণ ও চন্দ্রকান্ত পণ্ডিতকেও। তাঁরাও দলের সাপোর্টিং স্টাফের অংশ ছিলেন।”
সর্বশেষে মনোজ বলেন, “আমার মনে হয় শ্রেয়স আইয়ার অবশ্যই একদিন টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবে, এবং সেটা হবে দীর্ঘ সময়ের জন্য। তবে শ্রেয়সকে শুভমান গিলের সঙ্গে অধিনায়কত্বের লড়াইয়ে নামতে হবে। কারণ বর্তমান কোচ গৌতম গম্ভীর শ্রেয়স আইয়ারের থেকে শুভমান গিলকে বেশি পছন্দ করেন। তাই লড়াই হবে। এখন দেখা যাক ভবিষ্যৎ কী হয়।”