আকিব জাভেদ উল্টোপাল্টা যাই বলুন না কেন, ডিভিলিয়ার্সের ‘পছন্দ’ শুধু আবেগ নয়—পরিসংখ্যান ও পারফরম্যান্সেরও প্রতিফলন হয়ে উঠেছে।
_1.jpeg.webp)
বিরাট, গেইল, এবিডি
শেষ আপডেট: 17 March 2026 11:58
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ ক্রিকেটের সর্বকালের সেরা কে? এই প্রশ্নের জবাব দিলেন খোদ এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)—যিনি নিজেও এই সম্মানের অন্যতম দাবিদার! দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার বিশ্বের সমস্ত বড় লিগে খেলেছেন। আরসিবি-তে ক্রিস গেইল ও বিরাট কোহলির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করেছেন। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়েছেন, ব্যাট হাতে শাসন করেছেন। কিন্তু সেরার আসনে তিনি বসালেন কোনও ব্যাটসম্যান, একজন বোলারকে!
বুমরাহ: এবির একমাত্র পছন্দ
ডিভিলিয়ার্সের সরাসরি জবাব—‘টি-২০-র ইতিহাসে সর্বকালের সেরা? উত্তরটা বিতর্কিত নয়, বরং বলব একটু অপ্রত্যাশিত—আমার মতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে আমাকে বল করার সময় নয়!’
কেন আর সবাইকে ছাপিয়ে বুমরাহ? ডিভিলিয়ার্সের ব্যাখ্যা স্পষ্ট—‘ধারাবাহিকতা। পাওয়ারপ্লে হোক, মাঝের ওভার হোক বা ডেথ—যে কোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষমতা। সুপার ওভারে বল দাও, ম্যাচ জিতিয়ে দেবে। এটাই বুমরাহ!’ গেইল, কোহলি, রশিদ—কেউ নন। একজন পেসারকে বেছে নিয়েছেন এবিডি। এই উত্তরটাই বুঝিয়ে দিচ্ছে টি-২০ ক্রিকেটে বুমরাহর গ্রহণযোগ্যতা ঠিক কতটা।
আকিব জাভেদের অদ্ভুত তুলনা, সোশ্যাল মিডিয়ায় ঝড়
ডিভিলিয়ার্সের এই স্তুতির দিনই পাকিস্তানের অন্যতম নির্বাচক ও প্রাক্তন পেসার আকিব জাভেদ (Aaqib Javed) বুমরাহকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন। তাঁর চোখে, ভারতীয় পেসারের বোলিং অ্যাকশন অস্বাভাবিক বলেই ব্যাটাররা ছন্দ খুঁজে পান না। অর্থাৎ, স্কিল নয়, স্রেফ অ্যাকশনই সাফল্যের চাবিকাঠি। তার উপর তুলনা টানলেন টি-২০ বিশ্বকাপে খেলা পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের (Usman Tariq) সঙ্গেও! আকিবের নজরে, ‘বুমরাহ আদতে পেস বোলিংয়ের উসমান তারিক!’
এই মন্তব্য, স্বাভাবিকভাবেই, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হয়েছে। একজন বিশ্বমানের পেসারের সঙ্গে সদ্য উঠে আসা একজন স্পিনারের তুলনা—ক্রিকেটপ্রেমীরা মানতে রাজি নন।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) বুমরাহ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮তম ওভারে দাপট ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে। আকিব জাভেদ উল্টোপাল্টা যাই বলুন না কেন, ডিভিলিয়ার্সের ‘পছন্দ’ শুধু আবেগ নয়—পরিসংখ্যান ও পারফরম্যান্সেরও প্রতিফলন হয়ে উঠেছে।