বিশেষজ্ঞদের বড় অংশ যদিও হার্মিসনের অনুমান মেনে নিয়েছেন। দিনের শেষে গম্ভীর কারও নাম নেননি ঠিকই। কিন্তু কথার মধ্যে ইঙ্গিত এতটাই স্পষ্ট, যে নিশানা কে বা কারা—তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

গম্ভীর ও সূর্যকুমার
শেষ আপডেট: 11 March 2026 16:39
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জিতলেন। দেশজুড়ে উৎসব চলছে। যদিও ক্রিকেট মহল ব্যস্ত সংবাদ সম্মেলনে বসে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বলা বিশেষ এক মন্তব্যের কাটাছেঁড়া করতে। সূর্যদের হেডস্যার যা বলেছেন, তাতে এখন আলাদা আলোচনা জমে উঠেছে। যোগ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসনও। তাঁর দাবি, গম্ভীরের ওই ‘বিশেষ’ বক্তব্য আসলে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) উদ্দেশ্যে পরোক্ষ খোঁচা।
‘মাইলস্টোন নয়, ট্রফি উদযাপন করুন’
আতসকাচের নীচে গম্ভীরের প্রেস কনফারেন্স। ফাইনালের পর গম্ভীর সঞ্জু স্যামসনের প্রশংসা করতে গিয়ে তিনি জানান, টুর্নামেন্টে তিনটি নির্ণায়ক ম্যাচে ৯৭, ৮৯ ও ৮৮ রানে আউট হয়েছেন সঞ্জু। শতরানের কাছে গিয়েও ব্যক্তিগত মাইলস্টোনের পিছনে ছোটেননি। দলের দরকারে ঝুঁকি নিয়েছেন, আর সেটাই সঠিক সিদ্ধান্ত।
এরপরই গম্ভীর বলে ওঠেন—‘কেউ ৯৭ রানে ব্যাট করলে যদি শতরানের জন্য তিনটে সিঙ্গেল নেন, তিনি দলের জন্য নয়, নিজের জন্য খেলছেন। আমি চাই, দলের দরকারে সেই মুহূর্তে ছক্কা মারার চেষ্টা চালান। আউট হলেও ক্ষতি নেই। মাইলস্টোন উদযাপন বন্ধ করে ট্রফি উদযাপন করুন!’
হার্মিসনের চোখে খোঁচা স্পষ্ট
এই বক্তব্যের বিশ্লেষণে ‘টকস্পোর্ট ক্রিকেটে’ ইংল্যান্ডের প্রাক্তন পেসার হার্মিসন (Steve Harmison) বলেন, ‘গম্ভীরের কথা ভাল লাগল। মনে হল, এটা রোহিত আর বিরাটকে পরোক্ষ খোঁচা। মাইলস্টোনে আগ্রহ নেই, শুধু দলের জয় চাই—এই বার্তা পরিষ্কার। গম্ভীরকে নিয়ে আমার মিশ্র মতামত আছে বরাবরই। কিন্তু এই ছোট্ট খোঁচাটা পছন্দ হয়েছে!’
রোহিত ও বিরাট—দুজনেই টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখন একদিনের ক্রিকেটে সক্রিয়। শিগগিরই আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে গম্ভীরের ড্রেসিংরুমে ফিরতে হবে দুজনকে। এই নিয়ে হার্মিসন বলেন, ‘বিশ্বকাপ জেতার পর কোচের হাতে এখন অনেকটা ক্ষমতা। তাঁর এই মন্তব্য শুনে ড্রেসিংরুমে রোহিত-বিরাটের প্রতিক্রিয়া কেমন হবে, সেটাই দেখার!’
বিশেষজ্ঞদের বড় অংশ যদিও হার্মিসনের অনুমান মেনে নিয়েছেন। দিনের শেষে গম্ভীর কারও নাম নেননি ঠিকই। কিন্তু কথার মধ্যে ইঙ্গিত এতটাই স্পষ্ট, যে নিশানা কে বা কারা—তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।