শুধু গম্ভীর নন। প্রাক্তন স্পিনার হরভজন সিং-ও কীর্তি আজাদের মন্তব্যের সমালোচনা করেছেন। জবাব এড়িয়ে গিয়ে বিরক্তি দেখিয়েছেন কাপজয়ী টিমের তারকা ঈশান কিষাণ।

গম্ভীর ও কীর্তি
শেষ আপডেট: 11 March 2026 10:48
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। আমদাবাদের হনুমান মন্দিরে ট্রফি নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। তাঁর বক্তব্য, বেছে বেছে শুধু একটিমাত্র ধর্মীয় স্থানে ট্রফি নিয়ে যাওয়া বৈষম্যমূলক। যার জবাব দিয়েছেন ভারতের হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সরাসরি, কড়া ভাষায়।
‘উত্তর দেওয়ার যোগ্যতা রাখে না’
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের মন্তব্যের জবাব দেওয়াও তাঁর কাছে অর্থহীন। বললেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনও মানে হয় না। এটা গোটা দেশের জন্য বিশাল মুহূর্ত। বিশ্বকাপজয়ীদের উদযাপন করাটাই এখন সবচেয়ে জরুরি। এই ধরনের মন্তব্য শুধু খেলোয়াড়দের অর্জনকে ছোট করে। ১৫ জন ক্রিকেটারের পরিশ্রম ও সাফল্যকে যদি কেউ এভাবে হেয় করতে চান, তাহলে যে কেউ যা খুশি বলতে পারবেন। সেটা ছেলেদের প্রতি সুবিচার নয়!’
‘নিজের দলকে অপমান করছেন’
গম্ভীরের রাগটা আরও স্পষ্ট হয়ে উঠেছে পরের কথায়। দলের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলে ওঠেন, ‘ভেবে দেখুন, ছেলেগুলো কতটা চাপের মধ্যে ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচ হারার পর কতটা সামলে নিয়ে এখানে পৌঁছেছে। আজকে যদি এই ধরনের কথা বলা হয়, তাহলে আপনি নিজের খেলোয়াড়দের অপমান করছেন, নিজের দলকে ছোট করছেন। এটা হওয়া উচিত নয়!’
হরভজনও সুরে সুর মেলালেন
শুধু গম্ভীর নন। প্রাক্তন স্পিনার হরভজন সিং-ও (Harbhajan Singh) কীর্তি আজাদের মন্তব্যের সমালোচনা করেছেন। জবাব এড়িয়ে গিয়ে বিরক্তি দেখিয়েছেন কাপজয়ী টিমের তারকা ঈশান কিষাণ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মন্দির সফর সংক্রান্ত প্রশ্ন তুলে আজাদ যে বিতর্ক শুরু করেছেন, তা নিয়ে ক্রিকেট মহলে প্রতিক্রিয়া ক্রমশ তীব্র হচ্ছে। বিশ্বকাপ জয়ের উদযাপন নিয়ে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টাকে ভাল চোখে দেখছেন না কেউই।