টি-২০ বিশ্বকাপ জেতার আনন্দ এখনও তাজা। কিন্তু গম্ভীরের ম্যানেজমেন্ট ইতিমধ্যে পরের টার্গেটে নজর রেখেছে। এখন থেকেই বুনতে শুরু করেছে ২০২৭-এর খেতাব জয়ের ছক।

গম্ভীর ও আগারকর
শেষ আপডেট: 10 March 2026 11:33
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ জিতেছেন। আপাতত উল্লাসে মজে থাকার সময়। কিন্তু টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর যেন অন্য ধাতুতে গড়া! ফুরফুরে মেজাজে থাকার বদলে নিশ্বাস নেওয়ার ফুরসত নেই তাঁর। ভণিতা ছাড়া, রাখঢাক না করে গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দিলেন, আইপিএল শেষ হওয়ার আগেই তৈরি হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2027) যাবতীয় পরিকল্পনা। লক্ষ্য একটাই—দক্ষিণ আফ্রিকার মাটিতে শিরোপা জয়!
লড়াই কঠিন, তাই প্রস্তুতি আগেভাগে
টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সূর্যদের কোচ বললেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলা সহজ নয়। পরিবেশ বুঝতে হবে, সঠিক খেলোয়াড় বেছে নিতে হবে। আশা করছি, আইপিএল শেষেই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাবে!’ প্রসঙ্গত, ২০২৭ সালের বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে। পেস ও বাউন্স-প্রধান এই পিচে কোন খেলোয়াড় মানানসই—সেটা ছকে ফেলাই এখন সবচেয়ে বড় চিন্তা টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ২৫ থেকে ৩০টি একদিনের ম্যাচ খেলবে ভারত। গম্ভীরের কথায়, ‘এই ফরম্যাট এখন কম খেলা হয়। তাই যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করব, তত ভাল!’
আফগানিস্তান দিয়ে শুরু, তারপর ইংল্যান্ড
বিশ্রামের পর টিম ইন্ডিয়া ফের মাঠে নামবে ১৪ জুন। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তারপর ইংল্যান্ড সফর। এই ম্যাচগুলোই বলে দেবে, রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) গম্ভীরের বিশ্বকাপ-পরিকল্পনায় আছেন কি না।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আশা জাগিয়েছেন বিরাট। ব্যাটে বইছে রানের স্রোত। রোহিতের ছবিটা অবশ্য একটু আলাদা। নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। তবে হাল ছাড়তে নারাজ। মুম্বইয়ে অনুশীলনে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন। ওজনও কমিয়েছেন অনেকখানি। যা বুঝিয়ে দিচ্ছে, ভারতীয় দলের ভূতপূর্ব অধিনায়ক কামব্যাকের জন্য কতটা মরিয়া।
এক চোখ আইপিএলে
দেশের জার্সি পরার আগে ‘রো-কো’-জুটিকে দেখা যাবে আইপিএলে (IPL 2026)। নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামার এই সুযোগটা আসলে যোগ্যতা প্রমাণের একটা পরীক্ষাও বটে। নির্বাচক ও কোচিং স্টাফ নিশ্চিতভাবে সবটাই নজরে রাখবেন।
টি-২০ বিশ্বকাপ জেতার আনন্দ এখনও তাজা। কিন্তু গম্ভীরের ম্যানেজমেন্ট ইতিমধ্যে পরের টার্গেটে নজর রেখেছে। এখন থেকেই বুনতে শুরু করেছে ২০২৭-এর খেতাব জয়ের ছক।