আর এই প্রত্যাঘাতকে অনেকের মতো কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি চতুর্থ টেস্টে শুভমান গিলদের পারফরম্যান্সে মুগ্ধ।

সঞ্জয় মঞ্জরেকর
শেষ আপডেট: 29 July 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগে দুই অভিজ্ঞ ব্যাটারের সরে যাওয়া ভারতীয় দলকে বড় ধাক্কা দিয়েছিল। বিশেষত, নয়া অধিনায়ক নির্বাচন ও ব্যাটিং অর্ডার বাছাই নিয়ে ধন্ধে পড়েন নির্বাচকরা।
সিরিজে ১-২-এ পিছিয়ে টিম ইন্ডিয়া। ধোঁয়াশা সব মিটেছে বলা যায় না। যদিও দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সংকট কাটিয়ে চতুর্থ টেস্টে যেভাবে ফিরে এসেছে ভারতীয় দল, তা ওভাল টেস্টের আগে শুভমান ব্রিগেডকে চনমনে রাখবে।
আর এই প্রত্যাঘাতকে অনেকের মতো কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি চতুর্থ টেস্টে শুভমান গিলদের পারফরম্যান্সে মুগ্ধ। মঞ্জরেকরের মতে, চাপের পরিস্থিতিতে দল যেভাবে লড়ছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিশেষত, শুভমান গিল যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তাতে আগামী দিনে তিনি কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিতে পারেন!
টেস্টের অন্তিম দিন ধারাভাষ্য দিতে গিয়ে মঞ্জরেকর বলেন, ‘যদি আপনি জো রুটকে দল থেকে সরিয়ে দেন কিংবা ভারত যেভাবে দু’জন অভিজ্ঞ খেলোয়াড় বিদায় দিতে বাধ্য হল… এই সমস্ত পরিস্থিতিতে চ্যালেঞ্জ একেবারে অন্যরকম হয়ে দাঁড়ায়। তবুও ভারত দুর্দান্ত খেলেছে। সিরিজে লড়াই বাঁচিয়ে রেখেছে। শেষ ম্যাচ খেলতে যখন ইংল্যান্ডের টিম বাস লন্ডনে নামবে আর ভারতীয় দলের বাসও সেখানে থামবে, তখন দুই দলের মেজাজে কতটা তফাৎ থাকে, তা দেখার অপেক্ষায় রয়েছি।’
এরপর শুভমান গিল প্রসঙ্গে মাঞ্জরেকর বলেন, ‘এই মুহূর্তে ওকে কিংবদন্তিদের সারিতে রাখা হচ্ছে এবং যেভাবে কেরিয়ার শুরু করেছে, তাতে সেই লিস্টের শীর্ষেও পৌঁছতে পারে। আমি এর উলটো বাজি ধরব না।’
কিন্তু টিম ইন্ডিয়া যে স্বয়ংসম্পূর্ণ নয়, মেনে নিয়েছেন মাঞ্জরেকর। তাঁর মতে, ভারত দলে রোহিত-কোহলির অনুপস্থিতি এখনও প্রকট। নিছক রান নয়, অভিজ্ঞতার ক্ষেত্রে দুই তারকার অভাব অনুভব করছে তরুণ ব্রিগেড। মঞ্জরেকর বলেন, ‘রোহিত শর্মা শেষ দুটি সিরিজে গড়ে মাত্র ১০ রান করে। আর বিরাট কোহলির গত পাঁচ বছরে গড় ৩০। তাই, কঠিন হলেও ওদের পরিবর্তন হয়তো সঙ্গত। এমন নয় যে বিরাট-রোহিত দারুণ রান করছিল। কিন্তু ওদের না থাকায় আসল ক্ষতি হয়েছে অভিজ্ঞতার, পারফরম্যান্সের নয়।’
একদিকে যখন নতুন প্রজন্মের ওপর ভর করে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করে ঘরে ফিরতে চাইছে, তখন অভিজ্ঞতা ও নেতৃত্বের শূন্যতা ঠিক কতটা ছাপ ফেলেছে, তা স্পষ্ট করে দিলেন মাঞ্জরেকর।