সম্প্রতি ভারতীয় পেসারের ওয়ার্ককলোড ম্যানেজমেন্ট নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ইংল্যান্ডে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের দুর্দান্ত পারফরম্যান্সের পর সুনীল গাভাসকরের মতো কেউ কেউ দাবি করেছেন, এবার ভারতীয় ক্রিকেট থেকে ‘ওয়ার্কলোড’ শব্দটিকে চিরতরে বাদ দেওয়া হোক।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 August 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: এই প্রজন্ম তো বটেই, বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা বোলারদের তালিকায় আজ তাঁর নাম প্রথম সারিতে। ধারাবাহিকতা, নিখুঁত নিয়ন্ত্রণ আর ম্যাচ জেতানো স্পেলের জন্য জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অনেকে ইতিমধ্যেই খেলার ইতিহাসের অন্যতম সেরা বলে মেনে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস (Waqar Younis)।
প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া (Akash Chopra) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে জানিয়েছেন, একদিন গাড়িতে যাওয়ার সময় বুমরাহ প্রসঙ্গে ওয়াকারকে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন। চোপড়ার কথায়, ‘আমি বলেছিলাম, ‘সারা ক্রিকেট দুনিয়া ওয়াসিম আক্রমকে শ্রদ্ধা করে তাঁর বোলিংয়ের ভ্যারিয়েশন ও নিয়ন্ত্রণের জন্য। তিনি অতুলনীয়। বুমরাহ যেন ডানহাতি ওয়াসিম আক্রম, তাই না?’ সওয়াল শুনেই ওয়াকারের জবাব (Waqar Younis on Jasprit Bumrah), ‘না, ও আমাদের সবার চেয়েও এগিয়ে। ওর বয়সে আমাদের এই পর্যায়ের চিন্তাভাবনা ছিল না। ওর দক্ষতা বেশি, চিন্তাশক্তিও। বুমরাহ-ই সর্বকালে সেরা!’
সম্প্রতি ভারতীয় পেসারের ওয়ার্ককলোড ম্যানেজমেন্ট নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ইংল্যান্ডে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের দুর্দান্ত পারফরম্যান্সের পর সুনীল গাভাসকরের মতো কেউ কেউ দাবি করেছেন, এবার ভারতীয় ক্রিকেট থেকে ‘ওয়ার্কলোড’ শব্দটিকে চিরতরে বাদ দেওয়া হোক। এমনকী খোদ বিসিসিআই-ও আগামী দিনে ক্রিকেটারদের ফিটনেসের দেখভাল ক্রিকেটারদেরই নেওয়ার নিয়ম আনতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে পারবেন, এমন ক্রিকেটারদেরই ভবিষ্যতে বাছা হবে। জসপ্রীত বুমরাহ, যিনি পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট খেলেননি, নিশানাটা কি তাঁর উদ্দেশ করা? জল্পনা দানা বেঁধেছে!
যদিও আকাশ চোপড়ার বক্তব্য, বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা করা ঠিক নয়। প্রাক্তন ওপেনারের ভাষায়, ‘একসময় বলা হচ্ছিল, জসপ্রীত বুমরাহর চেয়ে ভাল অধিনায়ক ভারত পাবে না। কেন বোলাররা অধিনায়ক হওয়ার যোগ্য নয়—এই নিয়েও প্রশ্ন উঠেছিল। রোহিত শর্মার নেতৃত্বে বুমরাঝ ছিল সহ-অধিনায়ক। পার্থে দলনেতা হয়ে ম্যাচও জিতিয়েছে। তাই অনেকেরই বক্তব্য ছিল, বুমরাহকে অধিনায়ক করা উচিত। সেখান থেকে এখন পরিস্থিতি এমন যে, যখন খেলছে, দল হারছে। আর মাঠে নামলে নাকি পুরো দায়িত্ব নিচ্ছেন না। মানে ‘বুম বুম’ বুমরাহ থেকে সমর্থকেরা হয়ে গিয়েছেন ‘গুমরাহ’ (বিভ্রান্ত)। আমি এতে ভীষণ অবাক এবং দুঃখিত!’
ওয়াকারের সঙ্গে সহমত জানিয়ে চোপড়ার বক্তব্য খুব স্পষ্ট: জসপ্রীত বুমরাহ এক প্রজন্মে একবার জন্মানো প্রতিভা। সব ফরম্যাট মিলিয়ে তিনিই বর্তমানে বিশ্বের সেরা বোলার।