প্রসঙ্গত, বাংলার পেসার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ফিট এবং জাতীয় দলে ফিরতে প্রস্তুত। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর।

সৌরভ ও সামি
শেষ আপডেট: 11 November 2025 11:05
দ্য ওয়াল ব্যুরো: আবারও মহম্মদ সামির (Mohammed Shami) হয়ে সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর স্পষ্ট বক্তব্য—ফিটনেস বা দক্ষতা, কোনও কারণ দর্শিয়েই সামিকে ভারতীয় দলে না রাখার যুক্তি নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই জাতীয় দলে দেখা যায়নি সামিকে। এরপর অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজেও জায়গা হয়নি তাঁর। নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) জানিয়েছিলেন, ফিটনেসজনিত কারণে বিশ্রাম দেওয়া হয়েছে, যদিও তিনি নিয়মিত বোর্ডের নজরে রয়েছেন।
এসবের একেবারে উলটো পথে হেঁটে সৌরভের বক্তব্য, সামি এখন পুরোপুরি ফিট এবং আগের মতোই ধারাবাহিকতা দেখিয়ে বল করছেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সামি দুর্দান্ত। ওকে যেভাবে রঞ্জিতে বল করতে দেখেছি, তাতে স্পষ্ট—ও আগের মতোই তীক্ষ্ণ। দু-তিনটে ম্যাচে একাই বাংলাকে জিতিয়েছে। নির্বাচকেরা নিশ্চয়ই নজর রাখছেন। যোগাযোগও নিশ্চয়ই রয়েছে। কিন্তু আমার মতে, ফিটনেস বা দক্ষতায় কোনও ঘাটতি নেই। এই সামি এখনও টেস্ট, ওয়ানডে বা টি–টোয়েন্টি—সব ফরম্যাটেই খেলার যোগ্য।’
রঞ্জি ট্রফির প্রথম তিন রাউন্ডে সামি ৯৩ ওভার বল করে নিয়েছেন ১৫ উইকেট। গড় ১৫.১৩, সেরা পারফরম্যান্স ৫/৩৮। এমন ধারাবাহিকতায় সৌরভের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
প্রসঙ্গত, বাংলার পেসার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ফিট এবং জাতীয় দলে ফিরতে প্রস্তুত। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর। ফলে তৈরি হয়েছে জল্পনা—নির্বাচক ও খেলোয়াড়দের মধ্যে কি সত্যিই যোগাযোগে ঘাটতি নেই?
ইতিমধ্যে বাংলার কোচ ও টিম ম্যানেজমেন্টও সামির হয়ে সাফাই দিয়েছেন, দাবি করেছেন ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। অন্যদিকে, বোর্ড নতুন প্রজন্মের পেসারদের তুলে আনছে টেস্ট দলে, ফলে সামির সুযোগ কমে আসছে বলেই ধারণা অনেকের।
এই আবহে সৌরভের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান সিএবি প্রেসিডেন্টের (CAB President) বক্তব্যে স্পষ্ট—তিনি চান, অভিজ্ঞ পেসারকে আবার জাতীয় দলে ফেরানো হোক। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) পর থেকে আর আন্তর্জাতিক টেস্টে দেখা যায়নি সামিকে। তবে রঞ্জিতে তাঁর সাম্প্রতিক ফর্মই বলছে—‘ফিটনেস’ এখন আর কোনও অজুহাত নয়।