এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেও ম্যাচ শেষে হাত মেলালেন না সূর্যকুমার যাদবরা। হেলগাম হামলার নিঃশব্দ প্রতিবাদ ভারতীয় দলের। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে এই সিদ্ধান্ত ঘিরে।

সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 15 September 2025 09:04
দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচ শেষে হ্যান্ডশেক করলেন না ভারতীয় ক্রিকেটাররা। সেই নিয়ে তুঙ্গে চর্চা। এই সিদ্ধান্ত নিয়েই মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
স্পষ্ট জানালেন, দলের মধ্যে আগেই সিদ্ধান্ত হয়েছিল এনিয়ে। ‘আমরা এখানে শুধু খেলতে এসেছি। নিজেদের মতো করে জবাব দিয়েছি। বোর্ড এবং সরকারের সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। জীবনের কিছু বিষয় স্পোর্টসম্যান স্পিরিটের ঊর্ধ্বে।’
রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারালেও হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। খেলার পর সরাসরি ড্রেসিংরুমে ঢুকে যান সকলে। অধিনায়ক এনিয়ে বলেন, ‘পহেলগাম হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের পরিবারদের পাশে আছি। সেনাদের সাহসকে কুর্নিশ জানাই। অপারেশন সিঁদুরে যারা অংশ নিয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই এই জয় উৎসর্গ করছি।’
প্রসঙ্গত, এপ্রিলে পহেলগামে পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। মৃত্যু হয় স্থানীয় এক বাসিন্দা-সহ ২৬ জনের। এরপরই মে মাসে সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালায় ভারত। একটা সময় পাকিস্তান আর ভারত ম্যাচ আদৌ হবে কি না সেই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। পরে যদিও খেলায় গ্রিন সিগন্যাল মেলে। কিন্তু যে দেশ আমাদের দেশে আক্রমণ চালিয়েছে দিনের পর দিন, তাঁদের সঙ্গে হাত মেলাতে চাননি সূর্যকুমাররা। হ্যান্ডশেককে ‘অতিরিক্ত’ মনে করেছে ভারতীয় শিবির।
অন্যদিকে, ম্যাচের পর পাকিস্তানের কোচ মাইক হেসন জানান, হাত মেলানোর জন্য তাঁর দল প্রস্তুত ছিল। কিন্তু ভারতীয় দলের ব্যবহারে তারা হতাশ। বলেন, ‘আমরা হ্যান্ডশেক করতে চেয়েছিলাম। কিন্তু ওরা রাজি হয়নি। তাই আমাদের অধিনায়ক সলমন আলি আঘা প্রেজেন্টেশনে আসেননি।’