তাঁর দেশের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন যিনি, হেডিংলে টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন, সেই জসপ্রীত বুমরাহর প্রশংসায় মুখর প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 23 June 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: তাঁর দেশের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন যিনি, হেডিংলে টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন, সেই জসপ্রীত বুমরাহর প্রশংসায় মুখর প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। যিনি তুলনায় টেনে আনলেন শেন ওয়ার্নের কথা। বললেন, ‘ক্রিকেটে দেখার মতো দুটো চমৎকার জিনিস—এক, শেন ওয়ার্নের মতো রিস্টস্পিনার ব্যাটারদের ফাঁদে ফেলছেন। দুই, জসপ্রীত বুমরাহর মতো তুখোড় ফাস্ট বোলার ব্যাটসম্যানদের বোকা বানিয়ে আউট করছেন।’
শুধু নাসেন নন। প্রাক্তন-বর্তমান মিলিয়ে ক্রিকেটারদের বড় অংশই বুমরাহর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। আধুনিক ক্রিকেটে যেভাবে ছাপ ফেলেছেন ভারতীয় সিমার, তাতে সর্বকালের সেরা বোলারদের সঙ্গে তাঁকে একাসনে বসিয়েছেন অনেকে।
যদিও চোট-আঘাত বুমরাহর ঈর্ষণীয় কেরিয়ারে বারবার থাবা ফেলেছে। এই নিয়ে কিছুটা হলেও চিন্তিত নাসের হুসেন। বলেছেন, ‘আশা করব, বুমরাহ চোটমুক্ত থাকবে। আর আমরা আগামী অনেক বছর ওকে নিয়ে কথা বলব।’
এন্তার ক্যাচ মিসের পরেও এই নিয়ে দশ বার সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট দখলের রেকর্ড গড়েছেন বুমরাহ। আগে কোনও ভারতীয় বোলারের এই রেকর্ড নেই। এশিয়ার মধ্যে তিনি দু’নম্বরে। সামনে শুধুমাত্র ওয়াসিম আক্রম (এগারো বার)। ঘরের বাইরে পাঁচ উইকেট দখলের হিসেবে (১২তম বার) কপিল দেবের পরে নিজের নাম লিখলেন বুমরাহ। এই নিয়ে উচ্ছ্বসিত নাসেরও। তাঁর কথায়, ‘বুমরাহ এককথায় জিনিয়াস! ওর জন্য একটি শব্দই যথেষ্ট। ওকে অনুকরণ করা যায় না। তরুণ ছেলেমেয়েদের বলতে পারবে না, বুমরাহর রান আপ বা অ্যাকশন নকল করো।’
ইংরেজ ব্যাটারদের যে আগামী টেস্টেও সমস্যায় ফেলতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার, মেনে নিয়েছেন নাসের। বলেছেন, ‘বুমরাহ জানে কী করছে। ও নিজের শৈলীকে নিখুঁত করে তুলেছে। বুমরাহই ইংল্যান্ড টিমের কাঁটা—হয়তো পাঁচটি নয়, তিনটি টেস্টে। কিন্তু ওই তিন ম্যাচেই ও প্রচুর উইকেট তুলবে।’
যদিও শুধু নাসের হুসেন নন। বুমরাহর ক্যারিশমায় মুগ্ধ ইংল্যান্ডের তামাম মিডিয়া। বিবিসির স্টিভেন ফিনের মতে, ভারতের এক নম্বর পেসারই সর্বকালের সবচেয়ে ‘কমপ্লিট’ ও ‘কনসিসটেন্ট’ বোলার। তাঁর চোখে, বুমরাহ একটি কম্পিউটারের মতো। যে সারাক্ষণ পরিস্থিতি অনুযায়ী নিজের কাজ ছকে চলেছে।
অন্যদিকে টেলিগ্রাফের স্কিল্ড বেরি তাঁর কলামে লিখেছেন, ‘লাল বলের ক্রিকেটে বুমরাহই সর্বশ্রেষ্ঠ ফাস্ট বোলার।… তাঁর কেরিয়ার নিয়ে যখন লেখা হবে, তখন আলাদা খণ্ডে, আলাদা শিরোনামে বই বেরোবে।’ ভারতের ঘরোয়া ক্রিকেট ও অ্যাকাডেমি ব্যবস্থাকে পরোক্ষে সাধুবাদ জানিয়ে বেরির মন্তব্য, ‘আমি নিশ্চিত, বুমরাহ যদি ইংল্যান্ডে জন্মাত, তাহলে নিজের বোলিং অ্যাকশন না বদলে ও কাউন্টি অ্যাকাডেমির চৌহদ্দিই পেরোতে পারত না।’