হাসিন জাহান তাঁর মেয়ে আরশির নামে নথিভুক্ত একটি জমিতে নির্মাণকাজ শুরু করলে প্রতিবেশী আপত্তি জানিয়ে বলেন, এই জমি বিতর্কিত। এর জেরেই দ্বন্দ্ব বাঁধে।

মহম্মদ সামি ও হাসিন জাহান।
শেষ আপডেট: 19 July 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) ফের আইনি জটে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাঁকে প্রতিবেশীকে শারীরিকভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে দায়ের হয়েছে মামলা—অভিযোগ মারধর, ক্রিমিনাল ষড়যন্ত্র এবং খুনের চেষ্টা।
ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে বিতর্ক
ভাইরাল হওয়া ওই ভিডিওতে হাসিন জাহানকে এক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে এবং তাঁকে মারতে দেখা যাচ্ছে বলে দাবি। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ দায়ের করেছেন এক প্রতিবেশী দালিয়া খাতুন। তিনি জানিয়েছেন, হাসিন এবং তাঁর মেয়ে মিলে তাঁকে খুন করার চেষ্টা করেন।
বিতর্কের মূলে জমি নিয়ে বিবাদ
ঘটনার কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি শহরের একটি জমি। জানা গিয়েছে, হাসিন জাহান তাঁর মেয়ে আরশির নামে নথিভুক্ত একটি জমিতে নির্মাণকাজ শুরু করলে প্রতিবেশী আপত্তি জানিয়ে বলেন, এই জমি বিতর্কিত। এর জেরেই দ্বন্দ্ব বাঁধে। প্রতিবেশী দালিয়া খাতুনের দাবি, তাঁদের উপর চড়াও হন হাসিন এবং তাঁর কন্যা।
অন্যদিকে, হাসিন জাহান পাল্টা অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজি ফারজুদ্দিনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
শামির বিরুদ্ধে পুরনো ক্ষোভও উগরে দিলেন হাসিন
এই ঘটনার আগেও হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় একাধিকবার মহম্মদ শামিকে নিশানা করেছেন। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, “তুমি চরিত্রহীন, লোভী আর সংকীর্ণমনা। ৭ বছর ধরে মামলা চালিয়ে কী পেলেন? নিজের পরিবারটাই ধ্বংস করলেন।”
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট সম্প্রতি নির্দেশ দেয়, শামিকে প্রতি মাসে হাসিন ও তাঁদের মেয়ে আয়রাকে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে।