‘বেট৩৬৫’ বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘গোল্ড পার্টনার’। অ্যাশেজ সম্প্রচারে সংস্থার বিজ্ঞাপনও দেখা যায়। তবুও এবিসি তাদের নিজস্ব নীতি থেকে একচুল সরতে নারাজ।

গ্লেন ম্যাকগ্রা
শেষ আপডেট: 19 November 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: অ্যাশেজের (Ashes) প্রথম টেস্ট সামনে, কিন্তু সেই ম্যাচে এবিসি–র (ABC) কমেন্ট্রি বক্সে থাকছেন না গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসারের অনুপস্থিতির কারণ—একটি বেটিং সংস্থার সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি। সেই সিদ্ধান্তেই নড়েচড়ে বসেছে দেশের জাতীয় ব্রডকাস্টার। বেটিং–সংক্রান্ত যে কোনও সংযোগের বিরুদ্ধে এবিসির কঠোর নীতি—সেই নিয়মেই বাদ পড়লেন ম্যাকগ্রা।
‘সিডনি মর্নিং হেরাল্ডে’র রিপোর্ট অনুযায়ী, ‘বেট৩৬৫’-এর (bet365) এক ক্যাম্পেনে যুক্ত হয়েছেন ম্যাকগ্রা। এই একই বিজ্ঞাপনী প্রচারে রয়েছেন রিকি পন্টিংও। কিন্তু এবিসি স্পষ্ট করেছে, তাদের সঙ্গে যুক্ত যে কোনও কমেন্টেটর বা কর্মীর বেটিং কোম্পানির সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। ফলে, নীতিগত কারণেই ম্যাকগ্রার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে তারা।
সম্প্রচারকারী চ্যানেলের বক্তব্য: ‘অ্যাশেজ সিরিজের জন্য এবিসি ও গ্লেন ম্যাকগ্রা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে!’ ম্যাকগ্রার টিম প্রায় একমাস আগে ‘এবিসি’-কে জানিয়েছিল, তাঁর নতুন বাণিজ্যিক চুক্তি বেটিং সম্পর্কিত। সেই তথ্যই শেষ পর্যন্ত তাঁর বাদ পড়ার কারণ হয়ে দাঁড়াল! আগেও একই কারণে কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েছিলেন মিচেল জনসন। এবিসির নীতির বিরুদ্ধে যাওয়ায় তাঁর সঙ্গেও বিচ্ছেদ হয়েছিল ব্রডকাস্টারের।
যদিও ‘বেট৩৬৫’ বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘গোল্ড পার্টনার’। অ্যাশেজ সম্প্রচারে সংস্থার বিজ্ঞাপনও দেখা যায়। তবুও এবিসি তাদের নিজস্ব নীতি থেকে একচুল সরতে নারাজ। নৈতিক অবস্থান—কমেন্টেটরদের বেটিং কোম্পানির সঙ্গে কোনও যোগাযোগ চলবে না। ম্যাকগ্রার জায়গায় প্রথম টেস্টে প্যানেলে বসবেন টম মুডি (Tom Moody)। পাশাপাশি কমেন্ট্রি বক্সে থাকছেন ড্যারেন লেম্যান, জেসন গিলেসপি, স্টুয়ার্ট ক্লার্ক, জিম ম্যাক্সওয়েল এবং করবিন মিডলমাস—এমনটাই জানিয়েছে এবিসি।