পাকা ঘোষণা না এলেও নিলাম না-যাওয়ার সিদ্ধান্তেই স্পষ্ট, ম্যাক্সওয়েলের আইপিএল অধ্যায় কার্যত উপান্তে।

গ্লেন ম্যাক্সওয়েল
শেষ আপডেট: 2 December 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL) ২০২৬-এর ছোট নিলামের আগে বড় ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। স্পষ্ট জানিয়ে দিলেন—এবার নিলামে নাম তুলবেন না। এতে জোরালো ইঙ্গিত—আইপিএলে তাঁর পথচলা হয়তো এখানেই শেষ।
৩৭ বছরের অজি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, বহু মরসুমের অভিজ্ঞতা মাথায় রেখেই তিনি নিলামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত সিজনে আঙুলের চোট তাঁর পারফরম্যান্সে বড়সড় প্রভাব ফেলে। পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ছ’টি ইনিংসে মোট রান ছিল মাত্র ৪৮। নিলামে তাঁকে ৪.২ কোটি টাকায় দলে নিয়েছিল পাঞ্জাব।
আইপিএলে ম্যাক্সওয়েলের কেরিয়ার এমনিতে উত্থান-পতনে ভরা। ২০১২ সালে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দিয়ে শুরু, ২০১৩-য় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে চ্যাম্পিয়ন, তারপর পাঞ্জাবে চার মরসুম, ২০২১-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র সঙ্গে ১৪.২৫ কোটির চুক্তি—সব মিলিয়ে বেশ অভিজ্ঞ পথচলা। আরসিবি-র জার্সিতে প্রথম তিন মরসুমে করেছিলেন ৫১৩, ৩০১ ও ৪০০ রান।
তবে সাফল্যের পাশাপাশি হতাশাও রয়েছে। ২০১৮-তে ৯ কোটিতে দিল্লির যোগ দেন। তারপর মাত্র ১৬৯ রান। ২০২৪ মরসুম আরও হতাশাজনক—ন’ইনিংসে মাত্র ৫২ রান। ওই মরসুমের পরই তাঁকে রিলিজ করে আরসিবি। মোট ১৪১ ম্যাচে ২,৮১৯ রান করেছেন ম্যাক্সওয়েল, স্ট্রাইক রেট প্রায় ১৫০। মাঝেসাঝেই ম্যাচ ঘোরানো ইনিংস খেললেও ধারাবাহিকতার অভাব বারবার প্রশ্ন তুলেছে।
এদিকে আইপিএল ২০২৬ ছোট নিলামের (Mini Auction) জন্য নাম দিয়েছেন ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। মোট ৭৭টি জায়গা খালি, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য। ২ কোটির বেস প্রাইসের তালিকায় ক্যামেরন গ্রিন (Cameron Green), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), মাতিশা পাথিরানা (Matheesha Pathirana), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)–সহ বহু পরিচিত নাম থাকলেও ম্যাক্সওয়েল অনুপস্থিত।
সব মিলিয়ে ছবিটা সহজ—আন্দ্রে রাসেল (Andre Russell) ও ফাফ দু’প্লেসির (Faf du Plessis) পরে হয়তো আরও এক তারকা আইপিএল থেকে সরে দাঁড়াতে চলেছেন। পাকা ঘোষণা না এলেও নিলাম না-যাওয়ার সিদ্ধান্তেই স্পষ্ট, ম্যাক্সওয়েলের আইপিএল অধ্যায় কার্যত উপান্তে।