ম্যাক্সওয়েল বিশ্বের একমাত্র খেলোয়াড় যাঁর টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,৫০০-এর বেশি রান, ১৭০-এর বেশি উইকেট ও আটটি সেঞ্চুরি রয়েছে।

গ্লেন ম্যাক্সওয়েল
শেষ আপডেট: 18 June 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত আইপিএলে সে ভাবে সফল হননি অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কিন্তু আমেরিকার মেজর লিগ ক্রিকেটে তিনি বিধ্বংসী ছন্দে। ১৩টি ছক্কা, ২টি চার এবং ২১৬ স্ট্রাইক রেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে পেয়ে গেলেন তাঁর অষ্টম সেঞ্চুরি।
GLENN MAXWELL IN THE MLC:
First 15 balls - 11 runs (0 fours, 0 sixes).
Last 34 balls - 95 runs (2 fours, 13 sixes).
CRAZY BATTING FROM THE BIG SHOW. 🥶pic.twitter.com/kc4w96EC4D— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 18, 2025
২০২৫ সালের এমএলসিতে (MLC) ওয়াশিংটন ফ্রিডমের (Washington Freedom) হয়ে খেলছেন ম্যাক্সওয়েল। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের শুরুটা ছিল ধীরগতির। প্রথম ১৫ বলে করেন মাত্র ১১ রান। কিন্তু এরপরই তিনি গিয়ার পরিবর্তন করে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি ছক্কা এবং ২টি চার। স্ট্রাইক রেট ছিল ২১৬।
এক পর্যায়ে, ফ্রিডমের অবস্থা খারাপ ছিল। ১২ ওভার শেষে তাদের রান ছিল পাঁচ উইকেট হারিয়ে ৯২। তখন মনে হচ্ছিল তারা ১৫০ রানও করতে পারবে না। কিন্তু ম্যাক্সওয়েল আবারও প্রমাণ করলেন কেন তাঁকে এই ফরম্যাটে সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন হিসাবে বিবেচনা করা হয়। তাঁর ৪৯ বলে অপরাজিত ১০৬ রানের সুবাদে ফ্রিডম ২০ ওভারে তোলে পাঁচ উইকেট হারিয়ে ২০৮ রান। এই ম্যাচে ম্যাক্সওয়েলের দল জেতে ১১৩ রানে।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে ম্যাক্সওয়েল ইতিহাসও তৈরি করেছেন। এই ম্যাচে ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,৫০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন। এই সেঞ্চুরিটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অষ্টম সেঞ্চুরি।
ম্যাক্সওয়েল বিশ্বের একমাত্র খেলোয়াড় যাঁর টি-টোয়েন্টি ক্রিকেটে ১০,৫০০-এর বেশি রান, ১৭০-এর বেশি উইকেট ও আটটি সেঞ্চুরি রয়েছে। তিনি ছাড়াও, কায়রন পোলার্ড এবং শোয়েব মালিকের দখলে টি-টোয়েন্টিতে ১০ হাজারের বেশি রান এবং ১৫০-এর বেশি উইকেট রয়েছে। পোলার্ডের ১৩,৫৯৯ রান এবং ৩২৬ উইকেট রয়েছে, যার মধ্যে একটি সেঞ্চুরি রয়েছে, যেখানে মালিকের রয়েছে ১৩,৫৭১ রান এবং ১৮৭ উইকেট।
পাশাপাশি এই ম্যাচের পর গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করার ক্ষেত্রে রোহিত শর্মার সমান হয়ে উঠেছেন। এই ফরম্যাটে রোহিত শর্মার নামেও আটটি সেঞ্চুরি রয়েছে।
পরিবারের জন্য ম্যাক্সওয়েলের বিশেষ উপহার
এই ম্যাচটি দেখতে গ্লেন ম্যাক্সওয়েলের পরিবার (বাবা-মা) স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। তাঁদের সামনেই এই দুরন্ত ইনিংস খেলেন অজি তারকা। ম্যাচের পরে ম্যাক্সওয়েল বলেন, “"বিভিন্ন পরিস্থিতি কাটিয়েছি। পরিস্থিতি অনুযায়ী ভিন্নভাবে ব্যাট করতে হয়েছে। ধীরগতিতে শুরু করেছি, কিন্তু একসময় এসে আমার মনে হল আমাদের আরও কিছু রানের প্রয়োজন। তখন আমি শট খেলতে শুরু করি এবং ফলও পাই। সেই সময় আমাদের কেবল উইকেটে থাকার প্রয়োজন ছিল। আমি আশা করছিলাম যে, আমি এবং চ্যাপম্যান ইনিংসটি এগিয়ে নিয়ে যাব। আমার মা এবং বাবা আমাকে খুব বেশি রান করতে দেখতে পায় না, তাই এখানে তাঁদের দেখতে পেয়ে ভাল লাগছে।”