অ্যাশেজে মনে রাখার মতো ক্যাচের নজির অনেক। কিন্তু গাব্বায় শুক্রবার যা দেখা গেল, তা নিঃসন্দেহে স্মরণীয় তালিকার উপরের দিকে থাকবে।

মার্নাস লাবুশেন
শেষ আপডেট: 5 December 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: অ্যাশেজে (Ashes) মনে রাখার মতো ক্যাচের নজির অনেক। কিন্তু গাব্বায় শুক্রবার যা দেখা গেল, তা নিঃসন্দেহে স্মরণীয় তালিকার উপরের দিকে থাকবে। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) দু’নম্বর টেস্টের দ্বিতীয় দিনে এমন এক অবিশ্বাস্য ডাইভিং ক্যাচ নিলেন, যা দেখে অনেকেই বলছেন—এটাই হয়তো অ্যাশেজ ইতিহাসের সেরা আউটফিল্ড ক্যাচ।
ঘটনাটি ইংল্যান্ডের প্রথম ইনিংসের শেষ দিকে। দিনের তৃতীয় ওভার, বল হাতে ব্রেন্ডান ডগেট (Brendan Doggett)। জোফরা আর্চার (Jofra Archer) আগের দিনই শেষ উইকেটে বেশ ভুগিয়েছিলেন অজি বোলারদের। ৬০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে পৌঁছে দেন ৩০০–র উপরে। তাই তাঁকে দ্রুত আউট দরকার ছিল। ডগেট ছোড়েন বাউন্সার। আর্চার মারেন পুল। কিন্তু টাইমিংয়ে গলদ। যে কারণে বল উড়ে যায় ডিপ ফাইন-লেগে—যেখানে কোনও ফিল্ডার ছিল না।
হঠাৎ সবাইকে চমকে গিয়ে ছুটে আসতে দেখা যায় লাবুশেনকে। মিড-উইকেট থেকে দৌড়ে এসে পুরো দেহ মাটির সমান্তরালে ছুড়ে দেন। ডান হাতে পুরোপুরি স্ট্রেচ করে বাতাস থেকে তুলে নেন পিঙ্ক বল। পড়ে যাওয়ার পরেও হাত শক্ত রেখে বলটি মুঠোয় ধরে রাখেন তিনি। আউট আর্চার। খতম ইংল্যান্ডের শেষ জুটির প্রতিরোধ।
Two magnificent catches, but which one was better out of Glenn McGrath and Marnus Labuschagne? #Ashes pic.twitter.com/znTrnpXNj6
— cricket.com.au (@cricketcomau) December 5, 2025
ক্রিকেট অস্ট্রেলিয়া ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। পাশাপাশি অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় পুরনো মুহূর্ত—২০০২–এর অ্যাডিলেড টেস্টে গ্লেন ম্যাকগ্রার (Glenn McGrath) ডাইভিং ক্যাচ। প্রশ্ন ওঠে—কোন ক্যাচটি সেরা? সমর্থকদের বেশিরভাগের বক্তব্য, লাবুশেন না থাকলে আর্চার আরও রান হাঁকাতেন। ইংরেজ টেল-এন্ডার তখন ৩৬ বলে ৩৮ রানে, ২ চার–২ ছক্কায় যথেষ্ট আগ্রাসী। যে কারণে ম্যাকগ্রার বদলে লাবুশেনকেই জয়ী ঘোষণা করা হোক!
এই ক্যাচেই ব্রেকথ্রু। যার সুবাদে ইংল্যান্ড গুটিয়ে গেল ৩৩৪ রানে। পিঙ্ক–বল অ্যাশেজে ইংল্যান্ডের এটাই সর্বোচ্চ প্রথম ইনিংসের স্কোর। আগের টেস্টে প্রথম দুই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ইংল্যান্ড চাপে ছিল। কিন্তু জো রুট (Joe Root) দারুণ ব্যাট করলেন—১৩৮ রানে অপরাজিত, অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। যোগ্য সঙ্গত দিয়েছেন জ্যাক ক্রলি (Zak Crawley), যাঁর ৭৮ ইংল্যান্ডকে লড়াইয়ে রাখে।
অন্যদিকে অজি শিবিরে আবারও নায়ক মিচেল স্টার্ক (Mitchell Starc)। ২০ ওভারে ৭৫ রানে ৬ উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন ওয়াসিম আক্রমের (Wasim Akram) রেকর্ড—টেস্টে বাঁ-হাতি পেসারের সর্বোচ্চ উইকেটের মালিক এখন অজি সিমার।