Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাদ পড়ে ঘ্যানঘ্যান করেন না, ফিরে এসে কাজের কাজটি করে দেন, কুলদীপ বোঝালেন কেন তিনি এক নম্বর

মাঠে নামলে প্রতিবারই নিজের ছাপ রেখে যান। কোনও অভিযোগ নয়, কোনও ঢাকঢোল পেটানো নয়—শুধু বাইশ গজে নিঃশব্দে কাজের কাজটুকু করে যাওয়া।

বাদ পড়ে ঘ্যানঘ্যান করেন না, ফিরে এসে কাজের কাজটি করে দেন, কুলদীপ বোঝালেন কেন তিনি এক নম্বর

কুলদীপ যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন দলের বাইরে। ইংল্যান্ড সফরে পাঁচখানা টেস্টেই বসে থাকলেন। একবারও সু্যোগ জুটল না। বাবা ক্ষোভ উগরে দিলেন। প্রাক্তন কোচ তোপ দাগলেন। তবু তিনি স্পিকটি নট! মিডিয়ার সামনে কোনও অভিযোগ নেই, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে বিষোদ্গার নেই।

সুযোগ জুটল যখন, বাইশ গজে তুর্কিনাচন! সংযুক্ত আরবআমিরশাহি হতে পারে দুর্বল প্রতিপক্ষ। কিন্তু গতকাল দুবাইয়ের ময়দানে যে কায়দায় বিপক্ষের মেরুদণ্ড ভেঙে চার উইকেট তুলে নিলেন, তাতে যে কোনও কুলীন ব্যাটসম্যানের মনেও ভয় ধরতে বাধ্য!

কাছ থেকে দেখেছেন যাঁরা, তাঁরা প্রত্যেকে একবাক্যে স্বীকার করেন: কুলদীপ যাদব (Kuldeep Yadav) বরাবরই অন্য ধাঁচের। বাদ পড়লে ঘ্যানঘ্যান করেন না। সুযোগ পেলে শুধু কাজের কাজটুকু করে দেন। বুধবার দুবাইয়ে (Dubai) এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) বিপর্যস্ত করে চাইনাম্যান বোলার বুঝিয়ে দিলেন কেন তিনি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার এক নম্বর স্পিনার!

মাঠে নামলেন প্রায় ছ’মাস পর। শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল মার্চে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। শেষ টি-২০ উইকেট এসেছিল আরও বহু আগে, ২০২৪ সালের জুনে। এতদিন আড়ালে থেকে হঠাৎ আলোচনায় ফিরলেন। সৌজন্যে দুবাইয়ের বাইশ গজের অগ্নিবর্ষী স্পেল। ২.১ ওভারে মাত্র ৭ রান খরচা করে ঝুলিতে চার উইকেট। এর মধ্যে তিনটি এল এক ওভারেই—প্রথম, চতুর্থ আর ছ’নম্বর বলে। যেন দাবার বোর্ডের নিপুণ শিকারী! পরপর বুদ্ধিদীপ্ত মুভে দিশেহারা প্রতিপক্ষ! ছত্রখান আমিরশাহির লাইন আপ!

পাওয়ারপ্লে-র পর বল হাতে তুলে নিতেই শুরু হল নাটক। প্রথম বলেই শিকার রাহুল চোপড়া (Rahul Chopra)। ক্যাচ ধরলেন শুভমান গিল (Shubman Gill)। চতুর্থ বলে এলবিডব্লিউ করলেন অধিনায়ক মহম্মদ ওয়াসিমকে (Muhammad Waseem)। ষষ্ঠ বলে ছিটকে গেল হর্ষিত কৌশিকের (Harshit Kaushik) স্টাম্প। পরে ফিরে এসে সমাপয়েৎটাও তিনিই লিখলেন—হায়দার আলিকে (Haider Ali) ফিরিয়ে ইউএই-র ইনিংস গুটিয়ে দিলেন মাত্র ৫৭ রানে।

ভারত এমনিতেই এই ম্যাচে একতরফা জিতত। কিন্তু কুলদীপের জাদু জয়কে করে তুলল আরও দ্রুত, আরও নিখুঁত। হাফ-ফিট প্রতিপক্ষের বিরুদ্ধে এমন পরিসংখ্যান হয়তো বিশেষ তাৎপর্য বহন করে না। তবু ছ’মাসের অপেক্ষার পর এই রাতটা কুলদীপের কাছে নিছক একটি জয় নয়—বরং, উচ্চকিত আত্মঘোষণা। ইংল্যান্ড সিরিজে বাইশ গজে ঘাস ছিল। বাউন্স ছিল। তাঁর সফল হওয়ার সম্ভাবনা ছিল ষোলো আনা। তবু শিকে ছেঁড়েনি। এভাবে ব্রাত্য হওয়ার যন্ত্রণা বুকে নিয়ে কেউ তিতিবিরক্ত না হয়ে যদি আরও ধারালো মেজাজে ফিরে আসেন, তবে বুঝতে হবে মানসিকভাবে তিনি কতটা দৃঢ়, কতটা পোক্ত!

কুলদীপের এই হার-না-মানা জেদটাই বারবার আলোচনায় আনছেন বিশেষজ্ঞরা। ম্যাচ শেষে প্রাক্তন ওপেনার রবিন উথাপ্পা (Robin Uthappa) বললেন, ‘এতদিন পর খেলতে নেমে ওকে বোলিং করতে দেখাটা ছিল দারুণ অভিজ্ঞতা। কুলদীপ সবসময় উইকেট খোঁজে। সবসময় আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামে। সংখ্যার বাইরে বেরিয়ে কুলদীপের প্রকৃত মূল্য আরও বেশি। ক্রমাগত উন্নতি করছে, প্রতিটি সুযোগে প্রতিপক্ষকে চেপে ধরছে!’

উথাপ্পা আরও মনে করালেন কুলদীপের জীবনের সেই বাঁকফেরানো মুহূর্ত, যখন কিংবদন্তি শেন ওয়ার্নের (Shane Warne) সঙ্গে কথোপকথন তাঁকে নতুন করে গড়ে তোলে। বলেছেন, ‘ওয়ার্নের সঙ্গে কথা বলার পর থেকেই ওর মধ্যে আক্রমণাত্মক মনোভাব জেগেছে। শুধু রান আটকাচ্ছে না, সবসময় উইকেট চাইছে। সেই ভাবনাই ওকে আজকের কুলদীপ করে তুলেছে!’

তাই এখন আর এতে অবাক হওয়ার কিছু নেই। মাঠে নামলে প্রতিবারই নিজের ছাপ রেখে যান। কোনও অভিযোগ নয়, কোনও ঢাকঢোল পেটানো নয়—শুধু বাইশ গজে নিঃশব্দে কাজের কাজটুকু করে যাওয়া। বঞ্চনা আর বৈষম্য নিয়ে সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে কম চর্চা হয়নি। কিছুদিন আগে ছিলেন করুণ নায়ার। এখন অভিমন্যু ঈশ্বরন। তারও আগে অজস্র নাম। পরেও এই তালিকা দীর্ঘায়িত হবে। কুলদীপ তারই সংযোজন মাত্র। তবু তিনি আলাদা… আলাদা তাঁর নৈঃশব্দ্যে… ভুল বললাম, নীরব বিদ্রোহে!


```