
ভেঙ্কটেশ আইয়ার এবং ফিল সল্ট
শেষ আপডেট: 27 November 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্টকে হাসিমুখে দলে টানল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএল অকশনে তাঁর জন্য মাত্র ১১.৫০ কোটি টাকা দাম উঠেছিল। কলকাতা নাইট রাইডার্স সল্টের দিকে হাত বাড়ালেও, বেশিদুর তারা এগোতে চায়নি। আর KKR ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্তই হতবাক করেছে সমর্থকদের।
তাঁদের দাবি, যদি ভেঙ্কটেশ আইয়ারের জন্য কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকা খরচ করতে পারে, তাহলে ফিল সল্টের জন্য আরও খানিকটা কেন তারা এগোল না।
সল্টের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। এই ব্রিটিশ ক্রিকেটারের জন্য প্রথমে দর হাঁকতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দড়ি টানাটানি। কিন্তু, ৪ কোটি টাকা পর্যন্ত উঠে মুম্বই হাত তুলে নেয়।
এরপর আসরে নামে কলকাতা নাইট রাইডার্স। শুরুর দিকে RCB-র সঙ্গে লড়াইটা বেশ ভাল জমে ওঠে। কিন্তু, আচমকা কেকেআর নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। কারণ তাদের পার্সে তখন আর ২৫ কোটি টাকা পড়ে ছিল। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ছিল তখন ৭২ কোটি টাকা।
এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন, ভেঙ্কটেই আইয়ারের জন্য জলের মতো টাকা খরচ না করে সেটা ফিল সল্টের জন্য বাঁচিয়ে রাখলে কাজে লাগত।
২০২৪ সালে জেসন রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন ফিল সল্ট। ইনিংস ওপেন করতে নেমে তিনি ১৮২ স্ট্রাইক রেটে মোট ৪৩৫ রান করেছিলেন। আপাতত আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে সল্ট দ্বিতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি এই ফরম্য়াটে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্বও দেন তিনি।