ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে বৃষ্টির থাবা! ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হল দুই দলকে। আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলে বর্তমানে কোথায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স? বিস্তারিত পড়ুন।

ছবি: গুগল
শেষ আপডেট: 7 April 2026 10:32
দ্য ওয়াল ব্যুরো: লড়াই শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল বেরল না। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বৃষ্টির ঝাপটে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম পঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ। দুই দলই পেল একটি করে পয়েন্ট। আর তাতেই আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলে সামান্য হলেও নড়াচড়া নজরে এল।
এই ম্যাচ বাতিল হওয়ায় কেকেআরের ঝুলিতে এল মরসুমের প্রথম পয়েন্ট। তিন ম্যাচ শেষে সংগ্রহে ১। উঠে এল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) উপরে—এই দুই দল এখনও খাতা খুলতে পারেনি। অন্যদিকে পঞ্জাব কিংস এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে নিয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট সমেত আপাতত লিগ টেবিলের শীর্ষে।
ম্যাচের গোড়ায় কেকেআরের অবস্থা ভাল ছিল না। মাত্র ৩.৪ ওভারে ২৫/২—বেজায় চাপে রাহানেরা। ঠিক তখনই বৃষ্টি নামে। প্রথমে হালকা, পরে বেগ বাড়ে। বইতে থাকে প্রবল হাওয়া। শোনা যায় ঝড়ের গর্জন। রাত ৯টার পর পরিস্থিতির আরও অবনতি। বাতাস এতটাই জোর বইছিল, যে ইডেনের প্রেস বক্স পর্যন্ত কেঁপে ওঠে। প্রায় ভূমিকম্পের মতো অনুভূতি!
রাত সাড়ে ১০টা নাগাদ বৃষ্টি থামলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী হয়নি। আম্পায়ার অভিজিৎ বেঙ্গেরি (Abhijeet Bengeri) ও জে মদানগোপাল (J Madanagopal) পরিস্থিতি পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। দীর্ঘ আলোচনার পর রাত ১১টায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
খেলা যতক্ষণ চলেছে, ততক্ষণ পঞ্জাব বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett) এক ওভারেই ফিরিয়ে দেন ফিন অ্যালেন (Finn Allen) ও ক্যামেরন গ্রিনকে (Cameron Green)। দু’জনেই আউট হন একই ধরনের ডেলিভারিতে—অফস্টাম্পের বাইরে সুইং আর তাতেই ভুল শট নির্বাচন। এর আগে অর্শদীপ সিং (Arshdeep Singh) প্রথম ওভারে চাপ তৈরি করেছিলেন। ফলে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় কেকেআর। গতকাল প্রথম একাদশে সুনীল নারিন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) দেখা যায়নি। যা নাইটদের বোলিং পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারত।
সব মিলিয়ে—খেলা জমে ওঠার আগেই বৃষ্টিতে ভন্ডুল। পয়েন্ট টেবিলে সামান্য লাভ, এল এক পয়েন্ট। তা সত্ত্বেও কেকেআরের জন্য বড় প্রশ্ন থেকেই গেল—জয় মিলবে কবে?